আফগানিস্তানে তালেবানকে দমন ও শান্তি প্রতিষ্ঠার অজুহাতে ২০১৪ সালের পরও ওই দেশে সেনা মোতায়েন রাখতে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ওপর চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অনৈতিক এই চাপকে বৈধতা দিতে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্দিষ্ট মেয়াদের পর বহুজাতিক সেনাদের অবস্থান নিয়ে নিরাপত্তা চুক্তি সইয়ে ব্যর্থ হলে দেশটিতে বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।
সম্ভাব্য বিপর্যয়ের যুক্তি তুলে ধরে মার্কিন কর্মকর্তারা বলেন, আগামী বছর আফগানিস্তান থেকে বহুজাতিক সেনা প্রত্যাহারের পর আট হাজার মার্কিন সেনার থাকার অনুমতি-সংক্রান্ত চুক্তি করা না হলে, তালেবান আগের অবস্থানে ফিরে আসতে পারে। আফগানিস্তান আবার আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নিরাপদ স্বর্গে পরিণত হতে পারে। চরম অর্থসংকটে পড়তে পারেন আফগান সেনারা।
কর্মকর্তারা বলেন, ২০১৪ সালের পর আফগানিস্তানের নিজস্ব বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা এবং জঙ্গিদের মোকাবিলা করাই হবে অবশিষ্ট থাকা মার্কিন সেনাদের মূল লক্ষ্য।
তবে বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে এক বছর পর আফগানিস্তান থেকে ৪৩ হাজার সদস্যের সবাইকে প্রত্যাহার করে নিলেও ওই দেশে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোতে তার প্রভাব থেকেই যাবে।
বিশ্লেষকেরা আরও বলেন, আফগানিস্তান ছেড়ে বহুজাতিক বাহিনী চলে যাওয়ার পর সে দেশের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা খোলাখুলি কিছু বলছেন না। তবে মার্কিন বাহিনী স্থানীয় সেনাদের স্বল্পপরিসরে সহায়তা অব্যাহত রাখবে, কিছু বিশেষ বাহিনীর তৎপরতা বাড়াবে এবং আল-কায়েদা ও তালেবানের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়ে যাবে বলে মনে হচ্ছে।