আফগানিস্তানের জন্য অন্তত আরও এক দশক বিদেশি সহায়তা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ২০১৪ সালে ন্যাটো বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর তাঁর দেশের জন্য অন্তত আরও এক দশক আন্তর্জাতিক সহায়তা দরকার। গতকাল সোমবার জার্মানিতে অনুষ্ঠিত আফগান সম্মেলনে তিনি এ কথা বলেন।জার্মানির বন শহরে অনুষ্ঠিত ওই এক দিনের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেন। আফগানিস্তান থেকে ২০১৪ সালের শেষ নাগাদ ন্যাটো বাহিনীর নেতৃত্বাধীন বিদেশি সেনারা বিদায় নেওয়ার পর দেশটির রোডম্যাপ নির্ধারণে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি উৎখাত করতে তাঁর সরকার যুদ্ধ চালিয়ে যাবে। এ ছাড়া জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্যও তাঁরা কাজ করে যাবেন। তবে এসব কাজের জন্য অবিচলভাবে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। অন্তত আরও এক দশক ধরে এ সহায়তা দরকার।এর আগে নয়-এগারোর হামলার জের ধরে আল-কায়েদাকে মদদদানকারী তালেবান গোষ্ঠীকে উৎখাতের পর ২০০১ সালের ডিসেম্বর মাসে এই বন শহরে আরেকটি আফগান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ১০ বছর আগে অনুষ্ঠিত ওই সম্মেলনে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল।আফগান সম্মেলনের আয়োজক জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলে বলেন, ‘একটি মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ আফগানিস্তানের ভিত্তি গড়ে তোলার জন্য কাজ করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। আমরা আফগান নাগরিকদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই। আমরা তোমাদের একা ফেলে চলে যাব না। তোমাদের পরিত্যাগ করা হবে না। আফগানিস্তান ও তার জনগণের জন্য ২০১৪ সালের পর এক দশক ধরে একটি দীর্ঘমেয়াদি স্পষ্ট ও নির্ভরযোগ্য প্রতিশ্রুতি দেওয়া দরকার।’ভেস্টারভেলে বলেন, যুক্তরাষ্ট্রে নয়-এগারোর সন্ত্রাসী হামলার ১০ বছর পর বিশ্ব এমন একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ আফগানিস্তান দেখতে চায়, যে আফগানিস্তান কারও জন্যই হুমকি নয়। তিনি উল্লেখ করেন, আফগানিস্তানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া সব পদক্ষেপই সঠিক ছিল, তেমনটি নয়। তার পরও সেখানে অনেক কিছু অর্জিত হয়েছে। দেশটির নাগরিকেরা গত ৩০ বছরের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি স্বাধীনতা ভোগ করছেন এবং শান্তি ও নিরাপত্তা পাচ্ছেন।উল্লেখ্য, আফগানিস্তানে বর্তমানে প্রায় এক লাখ ৪০ হাজার বিদেশি সেনা রয়েছে। ২০১৪ সালের শেষে তাঁদের সেখান থেকে বিদায় নেওয়ার কথা। ন্যাটো বাহিনীর বিদায়ের পর আফগানিস্তানের রোডম্যাপ নির্ধারণের জন্যই এ সম্মেলন ডাকা হয়। সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আফগানিস্তানে স্থিতিশীল পরিবেশ ও শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।তবে পাকিস্তান ওই সম্মেলন বর্জন করায় আফগানিস্তানের রোডম্যাপ ঘোষণার পদক্ষেপ শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে। কারণ, আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টায় প্রতিবেশী পাকিস্তানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। আফগান সীমান্তের কাছে ন্যাটো বাহিনীর বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনার মৃত্যুকে কেন্দ্র করে পাকিস্তান ওই সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। এএফপি।