আফগানিস্তানের জেল পলাতকদের ব্যাপারে ইন্টারপোলের সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল আফগানিস্তানের কান্দাহারের সারপোসা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪১৭ জন বন্দীর ব্যাপারে বিশ্বব্যাপী সতর্কতা (অরেঞ্জ নোটিশ) জারি করেছে। গত ২৮ এপ্রিল ওই বন্দীরা কারাগার থেকে পালিয়ে যায়। গত শুক্রবার ইন্টারপোলের অপারেশনাল সাপোর্ট ডিরেক্টর মিক ও’কোনেল এক বিবৃতিতে জানান, এ ধরনের সতর্কতা পলাতক বন্দীদের খুঁজে বের করতে আফগানিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে সাহায্য করবে। কাবুলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর অনুরোধের পরিপ্রেক্ষিতে সংস্থার ১৮৮টি সদস্য দেশে এ সতর্কতা জারি করা হয়। এর আওতায় পলাতক বন্দীদের ‘পরিচয়, অবস্থান ও গ্রেপ্তারের’ বিষয়ে সহযোগিতা করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।ইন্টারপোলের তথ্য অনুযায়ী, কয়েক মাস ধরে সারপোসা কারাগারের কাছে খনন করা একটি সুড়ঙ্গ দিয়ে ওই বন্দীরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পলাতক বন্দীদের মধ্যে অনেক তালেবান জঙ্গি রয়েছে। এএফপি।