আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিতে আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান ‘শেষ অধ্যায়ে’ পৌঁছে গেছে। দেশটি থেকে আগামী বছর সেনা প্রত্যাহারের পরও আফগানিস্তানের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এই আশ্বাস দেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে পেন্টাগনে স্বাগত জানানোর সময় তিনি এ কথা বলেন। কারজাই বলেন, আফগানিস্তান শিগগিরই নিজের নিরাপত্তা দিতে সক্ষম হবে। দেশটি আবার জঙ্গিদের দখলে যাবে না। এই বিষয়ে তাঁর দৃঢ় আস্থা আছে।গতকাল শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কারজাইয়ের বৈঠক হওয়ার কথা। এ সময় নিরাপত্তা চুক্তিতে তাঁর সই করার কথা। আশঙ্কা করা হচ্ছে, ওই চুক্তির মাধ্যমে মার্কিন সেনাদের দায়মুক্তি দেওয়া হবে। চুক্তিটি আফগানিস্তানের সার্বভৌমত্বকে খাটো করবে। প্যানেট্টা বলেন, ‘আমি বিশ্বাস করি, অতীতের দীর্ঘ কঠিন পথ পাড়ি দেওয়ার পর আফগানিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এখন আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি।’প্যানেট্টা আরও বলেন, ‘আমরা এমন একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, যে দেশটি নিয়ে আমরা গর্ববোধ করব এবং দেশটি আবারও জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হবে না।’পরে কারজাইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্যানেট্টা বলেন, ‘আমি মনে করি, এটা বলা ভালো যে আমরা গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয়ে বেশ অগ্রগতি লাভ করেছি।’২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মার্কিন নেতৃত্বে বহুজাতিক বাহিনী আফগানিস্তানে অভিযান চালিয়ে তালেবানকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগান প্রেসিডেন্ট ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। এএফপি ও বিবিসি।