আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ
আফগানিস্তানে গত সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনের ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) গজনি বাদে ৩৪টি প্রদেশের ফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে বিরোধী নেতা আবদুল্লাহ আবদুল্লাহর ৯০ জনেরও বেশি সমর্থক-প্রার্থী বিজয়ী হয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর আফগান পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়। জালিয়াতির অভিযোগ পাওয়ার পর ওই নির্বাচনের ফল ঘোষণা স্থগিত করা হয়।আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, ৯০ জনেরও বেশি অনুগত সাংসদ নিয়ে তিনি প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ওপর চাপ সৃষ্টি করবেন। এ ছাড়া ইতিবাচক পরিবর্তন ও সংস্কার প্রস্তাব আনাসহ আইনের শাসন প্রতিষ্ঠায় পার্লামেন্টের ভেতরে ও বাইরে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারবেন বলেও তিনি জানান।আইইসির একজন সদস্য জানান, গজনির ভোট নিয়ে নানা অভিযোগ থাকায় এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আইইসির চেয়ারম্যান ফাজিল আহমেদ জানান, এ সমস্যার সমাধানে রাজনীতিকেরা ভূমিকা পালন করতে পারেন। এতে কমিশন তিন থেকে সাত দিনের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত দিতে পারবে। তবে প্রতারণা ও অনিয়মের অভিযোগে আইইসি বিজয়ী ঘোষিত আরও তিন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করেছে। এ নিয়ে ২৪ জন বিজয়ী প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হলো।এদিকে জালিয়াতির অভিযোগে গতকাল দুজন জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হচ্ছেন আইইসির মুখপাত্র নূর মোহাম্মদ ও ইলেকটোরাল কমপ্লেইন্টস কমিশনের (ইসিসি) মুখপাত্র আহমেদ জিয়া রাফাত। তাঁদের বিরুদ্ধে পশতুন প্রার্থীদের জেতানোর জন্য জালিয়াতি করার অভিযোগ আনা হয়েছে। যদিও পশতুনরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এর আগে আফগানিস্তানের প্রতিটি সরকার গঠনে পশতুনরা অবদান রেখেছে। এএফপি ও বিবিসি।