আফগানিস্তানের বাইরে কার্যালয় খুলতে মতৈক্যে তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী দেশটির বাইরে একটি রাজনৈতিক কার্যালয় খোলার ব্যাপারে প্রাথমিক মতৈক্যে পৌঁছেছে। সম্ভবত কাতারে সেই কার্যালয় খোলা হচ্ছে। তালেবানের সঙ্গে যুদ্ধের ইতি টানতে তাদের সঙ্গে আলোচনা করতে পশ্চিমা পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হচ্ছে।যুক্তরাষ্ট্র ও জার্মানি এই উদ্যোগকে তালেবানের সঙ্গে আলোচনা শুরুর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে। এই কার্যালয় খুলতে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইও তালেবানকে সহায়তা দিচ্ছেন।তালেবানের এক বিবৃতিতে প্রাথমিক মতৈক্যে পৌঁছার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের মতে, কাতার বা ইসলামি কোনো দেশে একটি রাজনৈতিক কার্যালয় খোলা হলে বহির্বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ সহজ হবে।তবে তালেবান সত্যিই পশ্চিমাদের সঙ্গে শান্তি আলোচনা করতে চায় কি না, তা অস্পষ্ট। বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর হামলায় তালেবান যোদ্ধা ও কমান্ডাররা নিহত হচ্ছে। তাই তারা সত্যিই শান্তি আলোচনার জন্য অন্য কোথাও কার্যালয় খুলতে রাজি হয়েছে, নাকি হামলা থেকে বাঁচতে নতুন কোথাও আশ্রয় নিতে চাইছে—সে ব্যাপারে প্রশ্ন থেকে যাচ্ছে। বিবিসি।