আফগানিস্তানের সব মন্ত্রণালয় থেকে ন্যাটোর সদস্যদের প্রত্যাহার
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে বন্দুকধারীদের গুলিতে মার্কিন সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন র্কমকর্তা নিহত হওয়ার পর সব মন্ত্রণালয় থেকে ন্যাটোর সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।গত শনিবার রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে গুলিতে মার্কিন সেনাবাহিনীর কর্নেল ও মেজর পদমর্যাদার দুই র্কমকর্তা নিহত হন।আফগানিস্তানে ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার জন অ্যালেন এক বিবৃতিতে বলেন, ‘সৈন্যদের নিরাপত্তার কথা ভেবে আমি তাৎক্ষণিক পদক্ষপে নিয়েছি। কাবুল ও আশপাশের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের (আইএসএফ) সব সদস্যকে চলে আসতে বলেছি।’ আফগানিস্তানে নিয়োজিত আইএসএফের এক মুখপাত্র শনিবার দুই র্কমকর্তা নিহত হওয়ার কথা নিশ্চিত করেন। তালেবান এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেছে, বাগরাম বিমানঘাঁটিতে পবিত্র কোরআন শরিফ অবমাননার প্রতিশোধ হিসেবে ওই মার্কিন কর্মকর্তাদের হত্যা করা হয়েছে।ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক আফগান গোয়েন্দা কর্মকর্তাকে খুঁজছে পুলিশ। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগে কর্মরত পুলিশের এক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। পুলিশ তাঁকে খুঁজছে। ওই ঘটনায় তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ২৫ বছর বয়সী ওই সন্দেহভাজন পাকিস্তানে পড়াশোনা করেছেন। পদোন্নতির আগে ২০০৭ সালে তিনি আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।দুই কর্মকর্তাকে হত্যার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আফগানিস্তানে দায়িত্বপ্রাপ্ত শীর্ষ মার্কিন কমান্ডার জন অ্যালেনকে ডেকে পাঠিয়েছেন। এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁর দেশের জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মার্কিন সামরিক ঘাঁটিতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে ছয় দিন টানা সহিংস বিক্ষোভ চলার মধ্যে গতকাল রোববার এক টেলিভিশন ভাষণে তিনি এ আহ্বান জানান।প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁর ভাষণে বলেন, ‘অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে। কিন্তু এ মুহূর্তে আমাদের শান্তিপূর্ণ উপায়ে অনুভূতি ব্যক্ত করা প্রয়োজন।’ এএফপি।