আফগানিস্তানের সামনে কঠিন সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সামনে কঠিন সময় পড়ে আছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দুই দিনব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রথম দিনে গত রোববার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সম্মেলনে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। ওবামা বলেন, ‘আমাদের এখনো অনেক কাজ করার আছে। সামনে পড়ে আছে বড় চ্যালেঞ্জ। আফগানিস্তানে প্রাণহানি ঘটেই চলছে। সামনের সময়টা আরও কঠিন।’ ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে। তবে ফ্রান্স অনেক আগেই চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিয়েছে। ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ তাঁদের সেই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি সবার সঙ্গে আলোচনা করেছি। তাঁদের বলেছি, এটা আলোচনার বিষয় নয়, এটা ফ্রান্সের সার্বভৌমের বিষয়। তাঁরাও বিষয়টি বুঝতে পেরেছেন।’ আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব সে দেশের বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, এই দায়িত্ব সম্পর্কে তাঁর দেশ সম্পূর্ণ ওয়াকিবহাল। তিনি বলেন, তাঁর দেশ আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘বোঝা’ হয়ে থাকতে চায় না। ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, ‘সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো তাড়াহুড়া নয়। আমাদের লক্ষ্য, কৌশল ও সময়সীমা সবই ঠিক আছে। কিছুই পরিবর্তন হবে না।’ তিনি বলেন, ‘২০১৪ সালের শেষ নাগাদ আফগানরা তাদের দায়িত্ব বুঝে নিলেই আমাদের যুদ্ধের মিশন শেষ হবে। তবে আমরা পরাজিত হব না।’ সিরিয়া প্রসঙ্গে ন্যাটো মহাসচিব বলেন, সিরিয়ার রক্তপাত নিয়ে উদ্বেগ থাকলেও সেখানে পশ্চিমাদের সামরিক হস্তক্ষেপ করার ইচ্ছে নেই। তিনি বলেন, ‘আমরা সিরিয়ার নিরাপত্তা বাহিনীর আচরণ ও সিরিয়ার জনগণের ওপর তাঁদের দমনপীড়নের কঠোর নিন্দা জানাই। আমরা দেশটির জনগণের বৈধ দাবি মেনে নিতে সিরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ ওবামা তাঁর বক্তব্যের শুরুতে আফগানিস্তানের ‘উত্তরণের দশক’ নিয়ে কথা বলেন। তিনি দেশটিতে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন প্রতিষ্ঠায় মার্কিন জনগণের বিশাল ত্যাগ স্বীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমাদের মধ্যে এই বিশ্বাস আছে যে, আমরা সঠিক পথেই আছি। ন্যাটোর এই সম্মেলন এটাই প্রমাণ করে যে, আমরা যে কৌশল নিয়েছি তাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে।’ ন্যাটো নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের অভিন্ন নিরাপত্তায় আমরা একসঙ্গে ত্যাগ স্বীকার করেছি। এই অভিযান সম্পন্ন করতে আমরা সামনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’ আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার পরও তালেবান জঙ্গিদের প্রতিরোধে সে দেশের নিরাপত্তা বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটোর কিছু সদস্য রাষ্ট্র। তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। আফগানিস্তানে বছরে প্রয়োজনীয় অর্থের (৪০০ কোটি ডলার) অর্ধেকই যুক্তরাষ্ট্র দেবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে এই প্রথমবারের মতো ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শিকাগো প্রেসিডেন্ট ওবামার নিজের শহর। দুই দিনব্যাপী এ সম্মেলনে আফগান প্রসঙ্গ ছাড়াও গ্রিসে ঋণসংকটসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা।