ভারতশাসিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা আফজাল গুরুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল শনিবার নয়াদিল্লির তিহার কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০১ সালে ভারতের পার্লামেন্ট ভবনে হামলার দায়ে আফজাল গুরুর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের খবরে সহিংসতার আশঙ্কায় ভারতশাসিত কাশ্মীরে কারফিউ জারি করা হয়েছে। কাশ্মীরে ভারত শাসনের অবসানের দাবিতে সশস্ত্র আন্দোলনরত জইশ-ই-মোহাম্মদের সদস্য আফজাল।ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে গতকাল সাংবাদিকদের বলেন, ‘সকাল আটটায় আফজাল গুরুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষেই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।’ জ্যেষ্ঠ একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে পিটিআই জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের পর আফজালের মরদেহ তিহার কারাগার চত্বরেই দাফন করা হয়েছে।আফজালের মৃত্যুদণ্ড কার্যকরকে স্বাগত জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির এক বিবৃতিতে বলা হয়, আফজালের মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে বিশ্বকে এই বার্তা দেওয়া হলো যে, ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে অঙ্গীকারবদ্ধ। আফজালের মৃত্যুদণ্ড কার্যকরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কাশ্মীরের প্রধান বিচ্ছিন্নতাবাদী নেতা ওমর ফারুক। তিনি বলেন, এই মৃত্যুদণ্ড কার্যকরের ফলে স্বাধীনতার পথে আমাদের লড়াইয়ের নতুন অধ্যায়ের সূচনা হলো।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) আফজালের মৃত্যুদণ্ডকে ‘অমানবিক’ বলে আখ্যা দিয়েছে।২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের পার্লামেন্ট ভবনে জঙ্গি হামলা চালানো হয়। এতে আটজন নিরাপত্তাকর্মীসহ নয়জন নিহত হন। এই হামলার মূল পরিকল্পনাকারী বলা হয় আফজালকে। যদিও তিনি বারবার এই অভিযোগ অস্বীকার করেন। ২০০৫ সালের ভারতের সুপ্রিম কোর্ট আফজালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। পরে তিনি ভারতের তৎকালীন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। গত ৩ ফেব্রুয়ারি ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সেই আবেদন নাকচ করে দেন। একই হামলার ঘটনায় আফজালের সহযোগী বলে পরিচিত এসএআর জিলানি নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়।আফজালের পক্ষের আইনজীবীরা অভিযোগ করেছেন, তাঁদের মক্কেলের প্রতি ন্যায়বিচার করা হয়নি। মৃত্যুদণ্ডের রায়ের পক্ষে সঠিক তথ্য-প্রমাণও ছিল না।ভারতে প্রায় এক দশকের মধ্যে মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে আফজালের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এর আগে গত নভেম্বরে পাকিস্তানি নাগরিক আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০৮ সালের ভয়াবহ মুম্বাই হামলার দায়ে কাসাবকে ওই শাস্তি দেওয়া হয়। এএফপি, বিবিসি।