আফজাল গুরুর ফাঁসির পর এখনো সতর্কাবস্থায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টে হামলার আলোচিত ঘটনায় আফজাল গুরুর ফাঁসির রায় কার্যকর করার পর এখনো সতর্কাবস্থায় রয়েছে দেশটির কর্তৃপক্ষ। সহিংসতার আশঙ্কায় গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো কাশ্মীরে কারফিউ অব্যাহত ছিল। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছে।ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা আফজাল ২০০১ সালে নয়াদিল্লিতে পার্লামেন্টে সন্ত্রাসী হামলার মামলায় দোষী সাব্যস্ত হন। ওই হামলার পরিকল্পনাকারী হিসেবে তাঁকে ফাঁসির রায় দেন আদালত। গত শনিবার নয়াদিল্লির তিহার জেলে তাঁর ফাঁসি কার্যকর করা হয়।এ ঘটনার পর সহিংসতার আশঙ্কায় ভারতের কর্তৃপক্ষ কাশ্মীরের জনবহুল এলাকাগুলোতে কারফিউ জারি করে। এরপরও শনিবার কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের সময় ২৩ জন পুলিশসহ অন্তত ৩৬ জন আহত হয়েছে। এর মধ্যে কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগর থেকে ৪০ কিলোমিটার দূরের একটি গ্রামে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হন।গতকাল নতুন করে কোনো সহিংস ঘটনার খবর পাওয়া না গেলেও কাশ্মীরের বিভিন্ন এলাকায় কারফিউ অব্যাহত ছিল। তবে কারফিউর আওতায় জনসাধারণের চলাচলে কড়া নিষেধাজ্ঞা থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে।শ্রীনগরের বাসিন্দা আবদুল হাফিজ বলেন, তাঁর দুই মাস বয়সী নাতির জন্য দুধ কিনে আনা দরকার। কিন্তু কারফিউ জারি থাকায় বাইরে বেরোতে পারছেন না। সেখানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। কবে এই কারফিউ তুলে নেওয়া হবে তার কোনো ঘোষণাও দেয়নি কর্তৃপক্ষ।এদিকে কাশ্মীরের স্থানীয় দৈনিক পত্রিকাগুলো গতকাল প্রকাশ হতে দেয়নি পুলিশ। পুলিশের প্রতিবন্ধকতা এড়িয়ে চারটি পত্রিকা রোববারের সংখ্যা প্রকাশ করলেও তা বিলি করার আগেই কেড়ে নেওয়া হয়েছে। স্থানীয় ইংরেজি সংবাদপত্র কাশ্মীর রিডার-এর প্রধান সম্পাদক হাজি হায়াত বলেন, ‘পুলিশ আমাদের ছাপা হওয়া পত্রিকার সংখ্যাগুলো ছাপাখানা থেকে ছিনিয়ে নিয়ে গেছে। এ ক্ষেত্রে তারা আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কোনো প্রকার আগাম তথ্যও দেয়নি।’ এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।