আফিয়া সিদ্দিকীকে ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের চিঠি
পাকিস্তান সরকার সে দেশের নারী-বিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীকে ফেরত চেয়ে যুক্তরাষ্ট্র সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। ইসলামাবাদ গত শনিবার এ-সংক্রান্ত একটি চিঠি ওয়াশিংটনকে পাঠিয়েছে। কর্মকর্তারা জানান, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের কাছে ওই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আফিয়া সিদ্দিকীর বিষয়টি নিয়ে পাকিস্তানের সাধারণ জনগণ উদ্বিগ্ন। তাই তাঁকে ফেরত দেওয়া হলে তাতে যুক্তরাষ্ট্রেরই সুনাম হবে।রেহমান মালিক চিঠিতে বলেছেন, আফিয়া সিদ্দিকীর বিষয়টি মানবিকও। তাঁর দুটি সন্তান অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তা ছাড়া তাঁর বৃদ্ধা মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।চিঠিতে বলা হয়েছে, আফিয়া সিদ্দিকীকে জাতিসংঘের বন্দী সনদ অনুযায়ী হস্তান্তর করা যেতে পারে। মার্কিন অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে বিবেচনা করলে এবং আফিয়া সিদ্দিকীর হস্তান্তরের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিলে আমি খুবই কৃতজ্ঞ হব।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ রকম ৯০টি নজির রয়েছে। মানবিক দিক বিবেচনা করে অতীতে এ ধরনের ৯০ ব্যক্তির মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ জুলাই আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আফিয়া সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। ৩১ জুলাই যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট তাঁকে মারণাস্ত্র দিয়ে মার্কিন কর্মকর্তাদের হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করেন। ৬ আগস্ট তাঁকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। ২৩ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করার কথা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এপি।