আফিয়াকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: পাকিস্তান
যুক্তরাষ্ট্রে কারদণ্ডপ্রাপ্ত পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রেখেছে পাকিস্তান। গতকাল শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসেত এ কথা জানান। আফগানিস্তানে মার্কিন কর্মকর্তাকে হত্যাচেষ্টার অপরাধে গত বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত আফিয়া সিদ্দিকীকে ৮৬ বছরের কারাদণ্ড দেন। এর বিরুদ্ধে পাকিস্তানে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ হয়েছে। মুখপাত্র বাসেত বলেন, ‘কারাদণ্ডাদেশ দেওয়ায় আমরা হতাশ ও দুঃখিত। তবে সরকার হাল ছাড়বে না। আফিয়াকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রেখেছি আমরা।’ মার্কিন সংবাদমাধ্যমগুলোতে আফিয়াকে ‘লেডি কায়েদা’ হিসেবে অভিহিত করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে আফিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালে আফগানিস্তানে আফিয়াকে তরল বিষ বহন এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা ও বোমা বানানোর তথ্য সম্পর্কিত কাগজপত্রসহ আটক করা হয়। পরে মার্কিন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি এক সেনাসদস্যের রাইফেল ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি ছোড়েন এবং চিৎকার করে বলেন, ‘আমেরিকা ধ্বংস হোক’। তদন্তকারীরা আফিয়াকে আল-কায়েদার প্রতি সহানুভূতিশীল উল্লেখ করে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড চান।আফিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার ব্যাপারে নিউইয়র্কের আদালতের বিচারক রিচার্ড বার্মান বলেন, ‘জুরিরা এই বিষয়ে একমত হয়েছেন, আফিয়া সিদ্দিকী আফগানিস্তানে মার্কিন কর্মকর্তা ও তাঁদের আফগান সহকর্মীদের হত্যার চেষ্টা করেছিলেন। তাই তাঁকে ৮৬ বছরের কারাদণ্ড দেওয়া হলো।’ এই রায়ের খবর পাকিস্তানে পৌঁছার পরপরই পেশোয়ার, করাচি ও লাহোরে বিক্ষোভ শুরু হয়। পাকিস্তানের বিভিন্ন ডানপন্থী দলের কর্মীরা রাস্তায় নেমে আসেন এবং যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন। করাচিতে আফিয়ার বোন ফৌজিয়া সিদ্দিকী বলেন, ‘এই রায় সবদিক থেকেই যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হিসেবে প্রমাণিত হবে। আফিয়াকে মুক্ত করার আন্দোলনে সব পাকিস্তানি যোগ দেবে।’ আফিয়া সিদ্দিকী একজন স্নায়ুবিষয়ক বিজ্ঞানী। তিনি যুক্তরাষ্ট্রের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও ব্র্যান্ডেইজ বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। রায় ঘোষণার সময় আফিয়া আদালতে উপস্থিত ছিলেন। এএফপি, বিবিসি।