আফ্রিকার সঙ্গে সুষম বাণিজ্য চান জিনপিং
আফ্রিকা মহাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে গতকাল সোমবার এখানকার দেশগুলোর সঙ্গে সুষম বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বিরাজমান বৈষম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্কের ঝুঁকি চিহ্নিত করতে আফ্রিকার নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।আফ্রিকা সফরের শুরুতে তানজানিয়ায় এক বক্তৃতায় শি জিনপিং ওই প্রতিশ্রুতি ও আহ্বানের কথা জানান। বক্তৃতায় তিনি আফ্রিকায় চীনের অর্থনৈতিক ভূমিকা নিয়ে আত্মপক্ষ সমর্থন করেন। গতকাল মঙ্গলবার তিনি দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন। সেখানে প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে তাঁর বৈঠক করার কথা। দেশটির বন্দরনগর ডারবানে আজ বুধবার ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট) দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।বিশ্লেষকেরা বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফরে আফ্রিকাকে বেছে নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের জন্য আফ্রিকার প্রাকৃতিক সম্পদের কৌশলগত গুরুত্বের বিষয়টিই এতে ফুটে উঠেছে। তবে আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্কে বেইজিং যতটা লাভবান হয়েছে, ওই সব দেশও ততটা লাভবান হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় নেতারা।কঙ্গো গণপ্রজাতন্ত্রে যাওয়ার মধ্য দিয়ে চীনের প্রেসিডেন্ট জিনপিং তাঁর আফ্রিকা সফর শেষ করবেন। চীন তার অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে দেশটি থেকে তেল আমদানি করে থাকে।তানজানিয়ায় দেওয়া জিনপিংয়ের বক্তব্যকে চীনের পররাষ্ট্রনীতিবিষয়ক এক গুরুত্বপূর্ণ বক্তৃতা হিসেবে উল্লেখ করেছে বেইজিংয়ের গণমাধ্যম। সিএনএন।