জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) শততম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গত শনিবার আফ্রিকার নেতারা শত বছরের পুরোনো এই দলের উচ্ছ্বসিত প্রশংসা করেন। আফ্রিকার নেতারা আফ্রিকা মহাদেশের স্বাধীনতাকামী আন্দোলনে দলটির ভূমিকার প্রশংসা করে বলেন, এ দলের সফল আন্দোলন এ অঞ্চলের মানুষের মুক্তির সংগ্রামকে উৎসাহিত করেছিল।দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মতো নেতা ছিলেন এএনসিতে। তবে দুর্বল শরীরের কারণে প্রাণপ্রিয় দলের শতবর্ষের অনুষ্ঠানে থাকতে পারেননি তিনি। প্রতিষ্ঠার শতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের দ্বিতীয় দিন নৈশভোজে যোগ দেন এক ডজনেরও বেশি আফ্রিকার বর্তমান ও সাবেক নেতা। বাদ্যযন্ত্র বাজিয়ে ও প্রথাগতভাবে একটি কালো রঙের ষাঁড় জবাই করে এই নৈশভোজকে আরও বৈচিত্র্যময় করে তোলা হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা মধ্যরাতে শতবর্ষ উদ্যাপন উপলক্ষে শিখা প্রজ্বালন করেন। নৈশভোজে মোজাম্বিকের প্রেসিডেন্ট আরমান্দো গুয়েবুজা বলেন, ‘আমরা যখন এএনসিকে নিয়ে কথা বলি, তখন বলতে হয় এটি আফ্রিকার একটি অংশ। দলটি এমন কাজ করেছে, যা আমাদের আফ্রিকার নাগরিক হিসেবে গর্বিত করে।’ এএফপি।