আফ্রিকায় মাটির নিচে বিপুল পানির মজুদ
শুষ্ক মহাদেশ বলে বদনাম রয়েছে আফ্রিকার। তবে বিজ্ঞানীরা এবার সেখানে ভূগর্ভস্থ পানির ‘বিপুল’ মজুদের সন্ধান পেয়েছেন। তাঁদের দাবি, আফ্রিকায় ভূপৃষ্ঠের ওপর যে পরিমাণ পানি রয়েছে, সে তুলনায় ভূগর্ভস্থ পানির পরিমাণ ১০০ গুণ বেশি।বিজ্ঞানীরা আফ্রিকা মহাদেশজুড়ে ভূগর্ভস্থ পানির উৎস ও সম্ভাবনার ওপর প্রথমবারের মতো একটি সমীক্ষা চালাতে সমর্থ হন। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে (বিজিএস) ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এ সমীক্ষা চালায়। পরিবেশসংক্রান্ত একটি সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে পানির এই গুপ্ত-উৎসের বিস্তারিত বিবরণ ও সম্ভাবনার কথা বলা হয়েছে। বিজ্ঞানী অ্যালান ম্যাকডোনাল্ড বলেন, স্থানীয় ভূ-প্রকৃতি ঠিকমতো যাচাই না করে ওই আধার থেকে পানি সংগ্রহের জন্য বড় আকারের কূপ খনন করা উচিত হবে না। তবে ছোট আকারের কূপ বা নলকূপ ব্যবহার করে অল্প পরিমাণে পানি তোলা যেতে পারে।বিজিএসের গবেষক হেলেন বনসর বলেন, আফ্রিকায় এত দিন ভূগর্ভস্থ পানির দেখা মেলেনি বলে কেউ এ ব্যাপারে চিন্তাও করেনি। গবেষণা সম্পূর্ণরূপে সম্পন্ন হলে পানি পাওয়ার সম্ভাবনার ব্যাপারে মানুষের চোখ খুলে যাবে। মহাদেশটির উত্তরাঞ্চলীয় দেশ লিবিয়া, আলজেরিয়া ও শাদে রয়েছে ভূগর্ভস্থ পানির বৃহত্তম আধার। সুবিশাল ওই এলাকাজুড়ে ৭৫ মিটার পুরু পানির স্তর রয়েছে। সেখানে ‘বিপুল পরিমাণ’ পানি মজুদ রয়েছে।জলবায়ু পরিবর্তনের কারণে সাহারা এলাকা শত শত বছর ধরে মরুভূমিতে পরিণত হয়। ভূগর্ভস্থ পানির অনেক আধার সর্বশেষ পূর্ণ হয়েছিল অন্তত পাঁচ হাজার বছর আগে। ওই আধারগুলোর ব্যাপারে আফ্রিকার বিভিন্ন দেশের সরকারি তথ্য-উপাত্তের সঙ্গে বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় পাওয়া তথ্যাবলি সতর্কভাবে তুলনা করে দেখেন। গবেষকদের মতে, অনেক দেশই বর্তমানে পানির অপ্রতুলতাকে ভূগর্ভস্থ পানির সংস্থানের কারণ বলে চিহ্নিত করেছে।অনাবৃষ্টির কারণে ভূগর্ভস্থ অনেক জলাধার অপূর্ণ রয়ে গেছে। বিজ্ঞানীদের আশঙ্কা, বড় বড় কূপ খুঁড়ে পানি তোলা হলে পানির মজুদ ফুরিয়ে যেতে পারে। হেলেন বনসর বলেন, ধীরগতিতে পানি উত্তোলন করলেই কার্যকর ফল পাওয়া যাবে। সাহারার আশপাশের বিভিন্ন অঞ্চলে পানির মজুদ তুলনামূলক কম। সেচ ও পান-উপযোগী পানি উত্তোলনের জন্য সতর্কভাবে অগ্রসর হতে হবে। বিবিসি।