আফ্রিকায় শক্তিশালী হচ্ছে আল-কায়েদা
উত্তর আফ্রিকায় আল-কায়েদার সন্ত্রাসী নেটওয়ার্ক আরও কার্যকর হচ্ছে। নতুন সদস্যও আকর্ষণ করছে গোষ্ঠীটি। যা ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ সাহারা অঞ্চলকে আরও অস্থিতিশীলতার হুমকির মুখে ঠেলে দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা ও সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা এ কথা বলেছেন।আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা নিজেদের আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেব (একিউআইএম) হিসেবে পরিচয় দিয়ে থাকে। গোষ্ঠীটি এখনো ছোট এবং ব্যাপকভাবে বিচ্ছিন্ন। এর সদস্য সংখ্যা মাত্র কয়েক শ।কিন্তু ওই গোষ্ঠীর কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। গোষ্ঠীটির শক্তি বৃদ্ধির সম্ভাবনা ওই অঞ্চলের সঙ্গে পরিচিত বিশ্লেষকদের উদ্বিগ্ন করে তুলেছে।মালিভিত্তিক জঙ্গিদের বিদেশে হামলা চালানোর মতো সামর্থ্য রয়েছে কি না, সেটা এখনো জানা যায়নি। তবে অপহরণ ও মাদক বাণিজ্যের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা আরও বিস্তৃত করছে গোষ্ঠীটি। কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, এসব কর্মকাণ্ড থেকে তারা লাভবান হচ্ছে এবং অর্জিত অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ানোর কাজে ব্যবহার করা হতে পারে। পিটিআই।