আফ্রিকায় শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ সদর দপ্তরে শুক্রবার সংবাদ সম্মেলনে সহকারী মহাসচিব অ্যান্থনি ব্যানবারি l ছবি: জাতিসংঘ ওয়েবসাইট
জাতিসংঘ সদর দপ্তরে শুক্রবার সংবাদ সম্মেলনে সহকারী মহাসচিব অ্যান্থনি ব্যানবারি l ছবি: জাতিসংঘ ওয়েবসাইট

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে দায়িত্বরত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ১০টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই তালিকায় বাংলাদেশসহ পাঁচটি দেশের নাম আছে। যৌন নির্যাতনের শিকার শিশুদের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে জাতিসংঘ গত শুক্রবার এই তথ্য প্রকাশ করে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল শনিবার এই তথ্য প্রকাশ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সংস্থার অন্যতম সহকারী মহাসচিব অ্যান্থনি ব্যানবারি। তিনি বলেন, জাতিসংঘের জন্য শান্তিরক্ষায় নিয়োজিত ব্যক্তিরা এমন জঘন্য কাজ করতে পারেন, এটা ভাবা যায় না।
শান্তিরক্ষী বাহিনীর এই অভিযুক্ত সদস্যরা বাংলাদেশ ছাড়াও কঙ্গো, মরক্কো, নাইজার ও সেনেগালের নাগরিক। সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযোগগুলো পর্যালোচনা করে পাঁচটি ঘটনায় ছয়টি শিশুকে চিহ্নিত করা হয়েছে। ২০১৪ সালে এবং গত বছরের বিভিন্ন সময়ে সংঘটিত এসব অপরাধের সংবাদ সুনিশ্চিতভাবে মাত্র কয়েক সপ্তাহ আগে জানতে পেরেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ব্যানবারি বলেন, শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া দুই বাংলাদেশি সদস্যের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে যৌনকর্মের জন্য একটি শিশুকে অর্থ দেওয়ার অভিযোগ ওঠে। জাতিসংঘ সদর দপ্তরে কর্মরত বাংলাদেশের সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক মো. শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর জানা তথ্য অনুযায়ী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে এ নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে সরকার বা বাহিনীর অবস্থান হচ্ছে, তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হবে। জানতে চাইলে ঢাকায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মধ্য আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের কোনো সদস্য নেই।
গৃহযুদ্ধবিধ্বস্ত আফ্রিকার এই দেশটিতে শান্তিরক্ষায় সহায়তা করতে ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের ৭০০ সেনাসদস্য মোতায়েন করা হয়। সেই বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ নিজস্ব শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করলে শান্তিরক্ষার দায়িত্ব ইউরোপীয় বাহিনীর কাছ থেকে জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়। সেনাসদস্য, পুলিশসহ শান্তিরক্ষীর সংখ্যা প্রায় ১৩ হাজার। এই বাহিনীতে ৫০টির বেশি দেশের সেনা ও পুলিশ সদস্য রয়েছেন।
সংবাদ সম্মেলনে ব্যানবারি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত শিশুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে এবং ওদের সহায়তা করা প্রথম অগ্রাধিকার। দায়বদ্ধতা ও সুবিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। জানা গেছে, নির্যাতিত শিশুদের মধ্যে বালক ও বালিকা রয়েছে, যাদের বয়স ১০ থেকে ১৪-এর মধ্যে।
এদিকে জেনেভায় এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দায়বদ্ধতার অভাব এবং সংশ্লিষ্ট দেশসমূহ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণেই বারবার এমন ঘটনা ঘটে চলেছে বলে তিনি জানান। বেশ কিছুদিন থেকেই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষী সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের কথা শোনা গেলেও এই প্রথমবার জাতিসংঘের কোনো কর্মকর্তা প্রকাশ্যে অপরাধী সদস্যদের দেশের নাম প্রকাশ করলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ সেনাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ করে। গত বছরের আগস্ট মাসে মহাসচিব বান কি মুন সেখানে জাতিসংঘ মিশনের প্রধান বাবাকার গাইয়েকে বরখাস্ত করেন। যৌন হয়রানির বিষয়ে জাতিসংঘ কোনো রকম ছাড় দেয় না, যা সংস্থাটির নীতিমালায় উল্লেখ আছে।
জাতিসংঘের নিয়ম অনুসারে, অপরাধী হিসেবে চিহ্নিত শান্তিরক্ষী সেনা বা পুলিশ সদস্যকে নিজ নিজ দেশে বিচারের সম্মুখীন করার নিয়ম রয়েছে। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রেই সেনা প্রেরণকারী দেশগুলো যথাযথ বিচারের বদলে পুরো বিষয়টি ধামাচাপা দিয়ে থাকে।