আবদার মেটাতে দ্বিতীয় চুম্বন
রাজপরিবারের নবদম্পতিকে একনজর দেখতে বাকিংহাম প্রাসাদের বাইরে লাখো মানুষের অপেক্ষা। নবদম্পতিকে শুভ কামনা জানাতে তাদের গগনবিদারি চিৎকার আর উল্লাস। জনসমুদ্রের হর্ষধ্বনিতে প্রকম্পিত লন্ডনের আকাশ-বাতাস।ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাজপ্রাসাদে ফিরে যান প্রিন্স উইলিয়াম-কেট মিডলটন। ঐতিহ্য অনুযায়ী কিছুক্ষণ পরই বাকিংহাম প্রাসাদের ব্যালকনিতে আসেন নবদম্পতি। তাঁদের দেখামাত্র লাখ লাখ প্রাণ যেন ফেটে পড়ল হর্ষধ্বনিতে। আটলান্টিক মহাসাগর পেরিয়ে এই আনন্দধ্বনি যেন সুনামির মতো আছড়ে পড়ল সারা বিশ্বে। ভবিষ্যৎ রাজা-রানিকে একসঙ্গে দেখে ব্রিটিশদের উল্লাস ছিল বাঁধভাঙা। এরপর এল সেই মাহেন্দ্রক্ষণ। পরস্পরকে চুম্বন করে শুভাকাঙ্ক্ষীদের কাছে বিয়ের পবিত্রবার্তা পৌঁছে দিলেন নবদম্পতি।কিন্তু ভক্তদের প্রাণ যেন তাতে জুড়াল না। আবদার জানাল আরও একবার চুম্বনের। লাখো ভক্তের এই ভালোবাসার আবদার এড়ায় সাধ্য কার? প্রিন্স উইলিয়াম-কেট মিডলটন দ্বিতীয়বারের মতো চুম্বন করলেন। মহানন্দে ফেটে পড়ল ব্রিটিশরা। ১৯৮১ সালে প্রিন্স চার্লস ও ডায়ানার চুম্বনের মুহূর্তের আনন্দকেও যেন ছাড়িয়ে যায় এ আনন্দ। রাজপ্রাসাদের ব্যালকনিতে কেবল নবদম্পতিই নয়, রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স চার্লসসহ রাজপরিবারের সবাই উপস্থিত ছিলেন। আরও ছিলেন কেটের মা-বাবাও। তাঁরা সবাই ব্যালকনিতে আসার কিছুক্ষণ পরই তাঁদের অভিবাদন জানাতে রাজকীয় বিমানবাহিনীর একঝাঁক বিমান প্রাসাদের ওপর দিয়ে উড়ে যায়।অভিবাদনের পালা শেষে সন্ধ্যায় নবদম্পতি আবার প্রাসাদে ফিরে যান। সেখানে অতিথি ও ঘনিষ্ঠ স্বজনদের নিয়ে নৈশভোজে অংশ নেন তাঁরা। পরে যোগ নেন একটি ড্যান্স পার্টিতে। এই আনন্দ চলে কয়েক ঘণ্টাব্যাপী। এএফপি ও বিবিসি।