আবদুল কালামের মহাকাশে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প
সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের যাবতীয় কর্মকাণ্ড চলছে পৃথিবীজুড়েই। এবার এই সৌরবিদ্যুৎ মহাকাশে সংরক্ষণ করে তা সরাসরি পৃথিবীতে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালাম এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্পেস সোসাইটির (এনএসএস) যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।গত বৃহস্পতিবার আবদুল কালামের উপস্থিতিতে ওয়াশিংটনের ন্যাশনাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রকল্পের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পরিচালক টি কে আলেক্স। তাঁকে এই প্রকল্পের প্রধান করা হয়েছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘কালাম-ন্যাশনাল স্পেস সোসাইটি ইনিশিয়েটিভ’।প্রকল্পের মূল নেতৃত্বে থাকবেন এ পি জে আবদুল কালাম। প্রকল্প বাস্তবায়নের জন্য সময় ধরা হয়েছে ১৫ বছর। কালাম বলেন, ‘আমি নিশ্চিত যে, মহাকাশে সৌরবিদ্যুৎ উৎপাদন মানবজাতির জীবনযাত্রার মান উন্নত করবে।’