আবর্জনা থেকে শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো যন্ত্রপাতি সবাই আবর্জনার ভাগাড়ে ফেলে দেয়। আর সেসব লোহা-লক্কড় জোগাড় করে মোটরসাইকেল, রোবট থেকে শুরু করে মূর্তি তৈরি করছেন থাইল্যান্ডের এক শিল্পী।রঙ্গরোজা সায়েংওংপাইসারান নামের ব্যাংককের ওই শিল্পী একসময় কাঠ খোদাইয়ের কাজ করতেন। কিন্তু এক শুভাকাঙ্ক্ষীর অনুরোধে তিনি ১৯৯৬ সালে পুরোনো লোহা-লক্কড় নিয়ে কাজ করতে শুরু করেন। একপর্যায়ে মজা পেয়ে যান। এখন তো তিনি নিজের আলাদা একটি শৈলীই দাঁড় করিয়ে ফেলেছেন।৫৪ বছর বয়সী রঙ্গরোজা বলেন, ‘পুরোনো লোহা-লক্কড় জঞ্জাল হিসেবেই ফেলে দেওয়া হয়। কিন্তু শিল্প তৈরির কাজে ব্যবহার করে আমরা সেগুলোর নতুন জীবন দিচ্ছি।’রঙ্গরোজার গ্যালারিতে সাজানো আছে তাঁর বিভিন্ন শিল্পকর্ম। এতে আছে এশিয়ার সেকালের যোদ্ধার মূর্তি, দাঁতওয়ালা ডাইনোসর, হাতিসহ অনেক কিছু।পুরোনো জিনিসপত্র ব্যবহার করে তৈরির কারণে রঙ্গরোজার শিল্পকর্মের দামও অনেক ক্ষেত্রে কম। এর কোনোটির দাম মাত্র ৬০ মার্কিন ডলার, আবার কোনোটির ৪০ হাজার ডলার। কোনোটি তৈরিতে সময় লেগেছে মাত্র তিন দিন, আবার কোনোটি এক বছর। তবে তাঁর সবচেয়ে কঠিন কাজ ছিল তিন মিটার উঁচু একটি রোবট তৈরি। রোবটটির ওজন প্রায় ৪৫০ কেজি।রঙ্গরোজা বলেন, ‘সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক জিনিসটি খুঁজে পাওয়া। দেখা যাচ্ছে একটি মূর্তির মুখ তৈরির জন্য যেমন জিনিস প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না।’রঙ্গরোজার সাম্প্রতিক কাজ ‘প্রি-এলিয়েন’ নামের একটি মোটরসাইকেল। এ নিয়ে তিনটি মোটরসাইকেল তৈরি করলেন তিনি। প্রতিটি তৈরিতে সময় লেগেছে তিন মাস। সর্বশেষ মোটরসাইকেলটি বিক্রি করেছেন ১০ হাজার ডলারে এক জাপানির কাছে।‘প্রি-এলিয়েন’টি ১৫ হাজার ডলারে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন রঙ্গরোজা। ১৮০ কেজি ওজনের এই মোটরসাইকেলটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারবে। পুরোনো আবর্জনা দিয়ে তৈরি একটি মোটরসাইকেলের জন্য এই গতি কম কিসে। রয়টার্স