আবর্জনা সংগ্রাহক থেকে প্রেসিডেন্ট
ভারত তাদের ৬০তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করবে ২৬ জানুয়ারি। দিল্লির রাজপথে অনুষ্ঠিত হবে বার্ষিক কুচকাওয়াজ। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাককে। লি মিউং বাকের অতীত হয়তো অনেকেরই অজানা। অনেকে জেনে বিস্মিত হবে যে তিনি একসময় আবর্জনা সংগ্রহের কাজ করতেন। প্রধান এ অতিথির জীবনকাহিনী হয়তো প্রজাতন্ত্র দিবসটির গ্ল্যামার নষ্ট করতে পারে। তবে চলচ্চিত্রের ভালো একটি চিত্রনাট্য হতে পারে তা।দক্ষিণ কোরিয়ায় অর্থনৈতিক গতিশীলতা এনে দেওয়া ৬৮ বছর বয়সী প্রেসিডেন্ট লি মিউং বাক বলেন, ‘অব্যাহত দারিদ্র্যে ২০ বছর বয়স পর্যন্ত আমার পরিবারকে বিপর্যস্ত থাকতে দেখেছি।’হাইস্কুল থেকে পাস করার পর কোরিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করেন লি। পড়াশোনা করতেন দিনে। রাতে করতেন আবর্জনা সংগ্রহের কাজ। আবর্জনা বিক্রির অর্থ দিয়ে চলত পড়াশোনার খরচ। এর মধ্যে শীর্ষ অবস্থানে যাওয়ার জন্য তাঁর চলা অব্যাহত ছিল।পড়াশোনা শেষে প্রথমে ব্যবসা করেন লি। পরে হন রাজনীতিবিদ। সম্ভবত লি হচ্ছেন বিশ্বের একমাত্র প্রেসিডেন্ট, ম্রিয়মাণ অতীতের জন্য যার কোনো অনুশোচনা নেই। লি মিউং বাক মাত্র ২৯ বছর বয়সে একটি কোম্পানির পরিচালক হিসেবে যোগ দেন। এর ঠিক চার বছর পর ১৯৭০ সালে যোগ দেন কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানিতে। ৫১ বছর বয়সে ওই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন তিনি।লি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন ১৯৯২ সালে। ডেমোক্রেটিক লিবারেল পার্টির প্রার্থী হিসেবে পার্লামেন্টে যাওয়ার জন্য নির্বাচিত হন তিনি। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র হন। তাঁর জন্য সবচেয়ে বড় দিনটি আসে ২০০৭ সালের শীতকালে। ওই সময় দক্ষিণ কোরিয়ার ১৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি।লি ২০০৭ সালের ১৯ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হন। মজার ব্যাপার হচ্ছে, এই তারিখে তিনি জন্মগ্রহণ করেন এবং ফার্স্ট লেডি কিম উন-ওককে বিয়ে করেন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লি তাঁর জন্মদিনে বিয়ে করতে চেয়েছিলেন, যাতে দিনটি উদ্যাপন করতে কখনো ভুলে না যান।সিউলের মেয়র ও পরে দেশের প্রেসিডেন্ট হওয়ার পর লি বেশ কিছু প্রকল্প গ্রহণ করেন। এতে চিরদিনের জন্য পাল্টে যায় দক্ষিণ কোরিয়ার চিত্র। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সমকালীন ভারতের সঙ্গে পরিচিত হতে ২০০৭ সালে ভারত সফর করেন লি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও লি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বেশ কয়েকবার বৈঠক করেছেন। ২০০৮ সালে নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপের বৈঠকে ভারতকে সমর্থন দিয়েছিল দক্ষিণ কোরিয়া।প্রেসিডেন্ট লি মিউং বাক চার দিনের সফরে আজ রোববার ভারত সফরে আসছেন। সফরে প্রেসিডেন্ট লি ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল, ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, ইউপিএ চেয়ারম্যান সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন।সফরে দুই দেশের মধ্যে পরমাণু সহযোগিতা, যৌথ প্রতিরক্ষা পণ্য উত্পাদনসহ প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করা নিয়ে আলোচনা হতে পারে।ভারতের সর্বোচ্চ বিনিয়োগকারী দেশের মধ্যে দক্ষিণ কোরিয়ার অবস্থান সপ্তম।