আবহাওয়ার খবর পাঠ করলেন প্রিন্স চার্লস
‘আজ বিকেলে স্কটল্যান্ডের বেশির ভাগ এলাকাজুড়ে ঠান্ডা ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। বয়ে যাবে বাতাস।’এটি আবহাওয়ার প্রচলিত পূর্বাভাস বটে, তবে তা কোনো সাধারণ ব্যক্তির মুখে উচ্চারিত হয়নি। গত বৃহস্পতিবার বিবিসি টেলিভিশনে প্রচারিত আবহাওয়াবিষয়ক অনুষ্ঠানে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস এই পূর্বাভাস আওড়েছেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে প্রিন্স চার্লসের বেশ আগ্রহ রয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে ‘হারমনি’ নামের একটি তথ্যচিত্রেও কণ্ঠ দিয়েছেন চার্লস। গত মাসে লন্ডনে ওই তথ্যচিত্রের প্রথম প্রদর্শনী হয়েছে।বৃহস্পতিবার বিবিসি টেলিভিশনের স্টুডিওতে সরাসরি হাজির হয়ে পেশাদার পূর্বাভাসদাতার মতো আবহাওয়ার খবর পাঠ করেন চার্লস (৬৩)। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তিনি। এ সময় দুজনে একসঙ্গে হাজির হন বিবিসির টেলিভিশন স্টুডিওতে। ক্যামিলাও চার্লসের সঙ্গে আবহাওয়ার খবর পড়েন। ক্যামিলার আবহাওয়ার খবর পড়া দেখে বিবিসির আবহাওয়াবিদ স্ট্যাভ ডানাওস মজা করে বলেন, তিনি তাঁর (ক্যামিলা) চাকরি নিয়ে শঙ্কিত। বিবিসি।