আবার অনশনে আন্না হাজারে
দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে গতকাল মঙ্গলবার থেকে আবার অনশন শুরু করেছেন। জন লোকপাল বিল পাসের দাবিতে মহারাষ্ট্রে নিজ গ্রাম রালেগাঁওয়ে অনির্দিষ্টকালের তিনি অনশন শুরু করেছেন।
মহারাষ্ট্রের আহমেদনগরে মাত্র ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে প্রতিদিনের মতো গতকালও প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন আন্না। গ্রামের যাদববাবা মন্দিরের পাশে নিজের নতুন সংগঠন জনতন্ত্র মোর্চার ব্যানারে গতকাল সকালে অনশন শুরু করেন। সুশীল সমাজের কর্মীরা জন লোকপাল বিল নামে দুর্নীতিবিরোধী এই বিলটির খসড়া তৈরি করেছেন। দুর্নীতির ঘটনা তদন্তে একটি স্বাধীন প্যানেল করার জন্য এতে দাবি জানানো হয়।
জনমত বিরুদ্ধে গেছে জেনে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদের চলতি অধিবেশনেই লোকপাল বিল পাস করা হবে। সরকার আগ্রহ দেখালেও সংসদের অধিবেশনে এখনো এক দিনও এ নিয়ে কোনো কাজ হয়নি। টাইমস অব ইন্ডিয়া।