আবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী রেভিন রাড। ছবি: রয়টার্স।
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী রেভিন রাড। ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন কেভিন রাড। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি দেশটির প্রধানমন্ত্রী হলেন। বিবিসির অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
আজ গভর্নমেন্ট হাউসে গভর্নর জেনারেল কুয়েনটিন ব্রাইসের সামনে শপথ নেন রাড। উপপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অ্যান্টনি আলবানিজ। কোষাধ্যক্ষ হিসেবে শপথ নিয়েছেন ক্রিস বোয়েন।
চলতি বছরের ১৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন হবে। নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন লেবার পার্টির প্রধানকে বেছে নিতে গতকাল দলের মধ্যে ভোটাভুটি হয়। এতে জুলিয়া গিলার্ডকে হারিয়ে দলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কেভিন রাড। নির্বাচনে কেভিন রাড পেয়েছেন ৫৭ ভোট, গিলার্ড পেয়েছেন ৪৫ ভোট।
এর ঠিক এক দিন পরই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। আজ বিকেলে পার্লামেন্টে তাঁর ভাষণ দেওয়ার কথা।
নির্বাচনে পরাজয়ের পর গতকাল পদত্যাগপত্র জমা দেন গিলার্ড। তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গিলার্ডের পদত্যাগের পর মন্ত্রিসভার ছয়জন মন্ত্রীও পদত্যাগ করেন। নতুন প্রধানমন্ত্রীকে এখন তাঁর অন্যান্য দায়িত্বের পাশাপাশি নতুন করে মন্ত্রিপরিষদ পুনর্বিন্যাসেও মন দিতে হবে।

আসন্ন সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি হেরে যেতে পারে বলে বিভিন্ন জনমত জরিপের ফলাফলে আভাস পাওয়া গেছে।

নির্বাচনের তারিখ এগিয়ে আনতে রাডের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা টনি অ্যাবট। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নতুন নেতৃত্ব নির্বাচনে অস্ট্রেলিয়ার জনগণ অধীর হয়ে আছে। পার্লামেন্টের ওপর তারা আস্থা হারিয়ে ফেলেছে।’