আবার আকাশে ড্রিমলাইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার আকাশে উড়ছে ড্রিমলাইনার। ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার জেট বিমান গতকাল শনিবার আকাশে উড্ডয়ন করে। দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে ওই ড্রিমলাইনার কেনিয়ার রাজধানী নাইরোবি যায়।এই উড্ডয়নের মধ্য দিয়ে প্রথম দেশ হিসেবে ড্রিমলাইনার উড়োজাহাজের ব্যবহার আবার শুরু করল ইথিওপিয়া। ইথিওপিয়ান এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিওল্ড গেব্রেমারিয়াম বলেন, ড্রিমলাইনারের চলাচল আবার শুরু হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। এ ছাড়া উড়োজাহাজটি আকাশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ইথিওপিয়া প্রথম দেশ হওয়ায়ও তিনি খুশি।বিশ্বজুড়ে মোট ৫০টি ড্রিমলাইনার তিন মাস ধরে অব্যবহূত ছিল। লিথিয়াম-আয়ন ব্যাটারির গোলযোগের কারণে বিশ্বজুড়ে ড্রিমলাইনারের ব্যবহার গত জানুয়ারিতে বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রে একটি ড্রিমলাইনারে আগুন ধরায় সেটি জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছিল। ব্যাটারির নকশায় পরিবর্তন আনার পর কর্তৃপক্ষের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ইথিওপিয়া ওই বিমান চালুর সিদ্ধান্ত নেয়। নতুন ব্যাটারিগুলো ইস্পাতের বাক্সে যুক্ত রাখা হয়েছে। আগের তুলনায় আরও শীতল তাপমাত্রায় এসব ব্যাটারি কার্যকর থাকবে। এএফপি।