আবার কমণ্ডলুর রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের এখনো অন্তত মাস ছয়েক বাকি, কিন্তু দিল্লি দখলের প্রত্যাশায় বিজেপি ফিরিয়ে আনল কমণ্ডলুর রাজনীতি। প্রায় তিন দশক পর। রামমন্দির নির্মাণের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের পরিক্রমা কর্মসূচি নিয়ে কয়েক দিন ধরেই উত্তর প্রদেশে ছিল সাজ সাজ রব। গতকাল রোববার সকাল থেকেই রাজ্যে দেখা গেল আশির দশকের শেষ ভাগের সেই পুরোনো ছবি, যা একসময় বিজেপিকে দিল্লি দখলে সাহায্য করেছিল। পাশাপাশি, বিজেপি ও সংঘ পরিবারের মোকাবিলাতেও দেখা গেল ক্ষমতাসীন সমাজবাদী পার্টির সেই চেনা কৌশল, যা একসময় সমাজতন্ত্রী মুলায়ম সিং যাদবকে ‘মওলানা’ বিশেষণে ভূষিত করেছিল। দিনশেষে, অযোধ্যায় আলোচিত ‘৮৪ কোশি পরিক্রমা’ শুরু করতে বিশ্ব হিন্দু পরিষদ ব্যর্থ। তাদের শীর্ষ নেতাদের মধ্যে সভাপতি অশোক সিঙ্ঘলকে লক্ষেৗ বিমানবন্দর থেকেই দিল্লি ফেরত পাঠানো হয়। ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রবীণ টোগাড়িয়াসহ অন্যদের সরযু নদীর তীর থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাদের কমণ্ডলুর রাজনীতির পরবর্তী পরিকল্পনা কষা শুরু হয়ে গেছে।নরেন্দ্র মোদিকে সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরার সময় থেকেই দিল্লি দখলে বিজেপির পরিকল্পনাটা ছিল স্পষ্ট। মোদি ও দল হিসেবে বিজেপি প্রকাশ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরির কথা বলবে না। তারা উন্নয়ন ও সুশাসনের কথা বলবে, কংগ্রেসের দুর্নীতির প্রচার করবে। আর সংঘ পরিবার বাতাস দেবে তিন দশক পুরোনো রাম মন্দির প্রতিষ্ঠার অঙ্গীকারে। সেই ছক অনুযায়ীই অযোধ্যার ৮৪ কোশি পরিক্রমার পরিকল্পনা হয়।