আবার কাঠগড়ায় মোবারক
মিসরের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হোসনি মোবারকের বিচার কার্যক্রম গতকাল রোববার আবার শুরু হয়েছে। এ ছাড়া ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক প্রধান মোহাম্মদ বাদি ও তাঁর দুই সহযোগীর বিচারও শুরু হয়। তবে তাঁদের অনুপস্থিতির কারণে শুরুর কয়েক মিনিট পরই বিচার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল সরাসরি সম্প্রচারিত দৃশ্যে কয়েক দিন আগেই কারামুক্ত মোবারককে আদালতের কাঠগড়ায় দেখা যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় ছয় কর্মকর্তা ও মোবারকের দুই ছেলেও আদালতে হাজির হন। ২০১১ সালে সরকারবিরোধী গণ-আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যায় প্ররোচনা দেওয়া ও দুর্নীতির অভিযোগে তাঁদের বিচার চলছে। এদিকে ব্রাদারহুডের নেতাদের আদালতে হাজির করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে এ-সংক্রান্ত মামলার কার্যক্রম আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই তাঁদের গতকাল আদালতে হাজির করা হয়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। কারফিউ শিথিল: সহিংসতা নিয়ন্ত্রণের জন্য চলমান সান্ধ্য আইন (কারফিউ) শিথিল করেছে মিসরের সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার। এখন থেকে প্রতিদিন এই কারফিউ শুরু হবে আগের চেয়ে দুই ঘণ্টা পর অর্থাৎ রাত নয়টায়। তবে শুক্রবার কারফিউ শুরু হবে সন্ধ্যা সাতটা থেকেই। কারণ, সপ্তাহের ওই দিনটিতেই সাধারণত জুমার নামাজের পর বিক্ষোভ হয়ে থাকে। এএফপি, রয়টার্স ও বিবিসি।