মিসরে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক অভিযানের প্রেক্ষাপটে সংগঠনটি আবারও গোপনে কার্যক্রম পরিচালনার দিকে এগিয়ে যাচ্ছে। সংগঠনের অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতা-কর্মীরা ফোনে যোগাযোগ ও অনলাইন তৎপরতা বন্ধ করে দিয়েছেন। কেউ কেউ বাড়ি পরিবর্তন করছেন, কেউবা দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করছেন।
মিসরে দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর ২০১১ সালে প্রকাশ্য তৎপরতা শুরু করে ব্রাদারহুড। আরব বসন্তের ঢেউয়ে হোসনি মোবারকের পতনের পর ব্রাদারহুডের ওপর থেকে নিষেধাজ্ঞার প্রত্যাহার করা হয়। পার্লামেন্ট নির্বাচনে জয়ী হন ব্রাদারহুডের নেতারা। পরে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাঁদেরই নেতা মোহাম্মদ মুরসি। গত ৩ জুলাই সেনাবাহিনী তাঁকে ক্ষমতাচ্যুত করে।
মূলত ১৪ আগস্টের পর থেকে ব্রাদারহুডের নেতা-কর্মীরা নতুন কৌশল গ্রহণ করতে বাধ্য হন। ওই দিন রাব্বা আল আদাবিয়া স্কয়ার ও আল নাহদা স্কয়ারে রক্তক্ষয়ী অভিযান চালিয়ে ব্রাদারহুডের নেতা-কর্মীদের সরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে সরকারি হিসাবে নিহত হয়েছে সাত শতাধিক মানুষ। তবে এই সংখ্যা আড়াই হাজারের বেশি বলে ব্রাদারহুড দাবি করেছে। ওই অভিযানের পর ব্রাদারহুডের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়।
নিরাপত্তা বাহিনী সূত্র বলছে, গত ১২ দিনে ব্রাদারহুডের দুই হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ব্রাদারহুডের ঘনিষ্ঠ বলে পরিচিত আইনজীবী ইসমাইল ওয়াইশাহির দাবি, ১২ দিনে ব্রাদারহুডের শীর্ষ পর্যায়ের নেতাসহ আট হাজারের বেশি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে ২০ আগস্ট আটক করা হয় ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বাদিকে।
মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় ব্রাদারহুডের কর্মী আয়েশা বলেন, ‘আমরা এখন টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বন্ধ করে দিয়েছি। নিরাপত্তা বাহিনীর নজর এড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে। আমরা আবার সরাসরি যোগাযোগের কৌশলে ফিরে গেছি।’ নিরাপত্তার কারণে ছদ্মনাম ব্যবহার করেন আয়েশা। তিনি বলেন, ব্রাদারহুডের জন্য বর্তমান পরিস্থিতি মোবারকের আমলের চেয়েও খারাপ। গ্রেপ্তারের ভয়ে সাধারণ মানুষ এখন ব্রাদারহুডের কর্মীদের প্রতিবেশী হিসেবেও থাকতে চান না। তবে কেউ কেউ এখনো ব্রাদারহুডের প্রতি সহানুভূতিশীল। আয়েশা জানান, তাঁর বাবা ব্রাদারহুডের সক্রিয় কর্মী। ১৪ আগস্ট অভিযানের পর তিনি গা ঢাকা দিয়েছেন।
কায়রোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তান্তা এলাকার ব্রাদারহুডের কর্মী আহমেদ বলেন, ‘আমাদের নেতারা গ্রেপ্তার এড়াতে নিজেদের অবস্থান পরিবর্তন করছেন। কোথাও তাঁরা টানা দুই রাত কাটাচ্ছেন না।’
সার্বিক পরিস্থিতিতে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকেরা। আমেরিকান ইউনিভার্সিটি অব কায়রোর রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আশরাফ আল-শরিফ বলেন, ‘ব্রাদারহুড বড় ধরনের ধাক্কা খেয়েছে এটা ঠিক, কিন্তু এখনো তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং তাদের অনেক নেতা-কর্মী এখনো মুক্ত আছেন।’ ব্রাদারহুডের সাবেক সদস্য হাইতাম আবু খলিল বলেন, ‘নিষিদ্ধ ও গোপনে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ব্রাদারহুডের। তারা দ্রুতই নিজেদের পুনর্গঠিত করতে সক্ষম।’
ব্রাদারহুডের পোর্ট সৈয়দ এলাকার একজন নেতা জানান, যতই চাপ আসুক, সংগঠনের সদর দপ্তর থাকুক বা না থাকুক, ব্রাদারহুড তার কার্যক্রম চালিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা আবার জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হব। এ কাজ করতে কোনো কার্যালয় লাগে না।’