আবার গ্রেপ্তার হলেন পারভেজ মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ গতকাল বৃহস্পতিবার আবারও গ্রেপ্তার হয়েছেন। রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে ২০০৭ সালে এক অভিযানের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের এক দিন আগেই পৃথক একটি মামলায় তাঁকে জামিন দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত।
ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ান গতকাল সাংবাদিকদের বলেন, ইসলামাবাদের ওই মসজিদে সামরিক অভিযানের ঘটনায় জেনারেল মোশাররফকে গৃহবন্দী করা হয়েছে। শুক্রবার (আজ) তাঁকে আদালতে হাজির করা হবে। ইসলামাবাদে মোশাররফের বিলাসবহুল বাসভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বাসভবনটিকে আগেই সাব-জেল ঘোষণা করা হয়।
বালুচ বিদ্রোহী নেতা হত্যার ঘটনায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত বুধবার মোশাররফের জামিন মঞ্জুর করেন।
জেনারেল মোশাররফের দল অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) মুখপাত্র মোহাম্মদ আমজাদ তাঁর পুনরায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বশেষ এ মামলায়ও মোশাররফের পক্ষে জামিনের আবেদন করা হবে।
এখন পর্যন্ত তিনটি মামলায় জামিন পেয়েছেন মোশাররফ। এসব মামলার মধ্যে আছে বেনজির ভুট্টো হত্যা মামলা এবং সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণ মামলা।
লাল মসজিদে অভিযানের ঘটনায় পুলিশ ইতিপূর্বে মোশাররফকে একজন সন্দেহভাজন দোষী ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করতে মসজিদটির কর্তৃপক্ষের আবেদন নাকচ করে দিয়েছিল। ওই অভিযানে একজন ধর্মীয় নেতাসহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছিলেন।
বাসিত নতুন পররাষ্ট্রসচিব: পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ষীয়ান কূটনীতিক আবদুল বাসিত। আর যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এত দিন সচিব থাকা জলিল আব্বাস জিলানিকে। গত বুধবার সরকার ওই দুজনের নিয়োগ চূড়ান্ত করে। এএফপি ও বিবিসি।