প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইস কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালত ২১ মার্চের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাসির-উল-মুলকের নেতৃত্বে সাতজন বিচারপতির একটি বেঞ্চ এ নির্দেশ দেন।মামলাটি পুনরুজ্জীবিত করার ব্যাপারে আদালতের আগের নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় গিলানির বিরুদ্ধে আনা আদালত অবমাননার মামলাও একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন আদালত।শুনানি শেষে বের হয়ে গিলানির আইনজীবী আইতজাজ আহসান সাংবাদিকদের বলেন, আদালত বেঞ্চ আগামী ১৯ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ বক্তব্য দাখিল অথবা ২১ মার্চ সশরীরে আদালতে হাজির হয়ে গিলানিকে জবানবন্দি দেওয়ার নির্দেশ দিয়েছেন।আইতজাজ আহসান এ সময় মন্তব্য করেন, কোনো ব্যক্তি যত দিন পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকবেন, তত দিন তাঁকে বিদেশে কোনো আদালতের সামনে হাজির করা যাবে না।প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডে অর্থ পাচারের অভিযোগের মামলা আবার চালুর ব্যবস্থা করতে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করায় সম্প্রতি প্রধানমন্ত্রী গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়। দোষী সাব্যস্ত হলে গিলানির ছয় মাসের কারাদণ্ড হতে পারে। হারাতে হতে পারে প্রধানমন্ত্রিত্বও।প্রেসিডেন্ট জারদারি ও তাঁর স্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো একটি সুইস ব্যাংক হিসাব ব্যবহার করে প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন ডলার পাচার করেন বলে অভিযোগ রয়েছে। নব্বইয়ের দশকে কাস্টমস বিভাগের কাজ পাওয়ার বিনিময়ে কয়েকটি কোম্পানি ওই অর্থ তাঁদের ঘুষ দেয় বলে অভিযোগ।২০০৭ সালে তখনকার সেনাশাসক পারভেজ মোশাররফ দুর্নীতি ক্ষমা করতে বিতর্কিত ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স জারি করেন, যাকে আদালত ২০০৯ সালে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এর পর থেকেই জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করার ব্যাপারে চাপ সৃষ্টি করে আসছেন আদালত।প্রধানমন্ত্রী গিলানি প্রথম থেকেই বলে আসছেন, তিনি কোনো অন্যায় করেননি। পিটিআই অনলাইন।