
নেপালজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লেও নির্বাচন অনুষ্ঠানে অনড় অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার নেপালের সাংবিধানিক পরিষদের ভোট গ্রহণ করা হবে। মাওবাদীদের একটি অংশসহ বেশ কয়েকটি দল নির্বাচন বর্জন করে ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে নির্বাচনে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। কেউ কেউ এই সহিংসতাকে আবার দীর্ঘস্থায়ী সংকটে ফিরে যাওয়ার আলামত হিসেবে দেখছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান খিলরাজ রেগমি আজকের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গতকাল সোমবার নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
২০০৮ সালের নেপালের মাওবাদী পার্টি নির্বাচনে জয়ী হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে তারা দীর্ঘ প্রতীক্ষিত খসড়া সংবিধান প্রণয়নে ব্যর্থ হয়। একপর্যায়ে কট্টরপন্থী মাওবাদীরা মূল দল ছেড়ে নেপালের কমিউনিস্ট পার্টি-মাওবাদী (সিপিএন-এম) নামে আলাদা দল গঠন করে। এই দলটি আজকের নির্বাচন বর্জন করেছে। তাদের সঙ্গে আরও অন্তত ১২টি দল যোগ দিয়েছে। এই দলগুলো নির্বাচন বর্জনের পাশাপাশি ভোট ঠেকানোর ঘোষণা দিয়ে দেশজুড়ে ধর্মঘট ডেকেছে।
সিপিএন-এমের দাবি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নয়, সাংবিধানিক পরিষদের নির্বাচন হতে হবে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে গঠিত একটি অন্তর্বর্তী সরকারের অধীনে। এ জন্যই আজকের নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে তারা।
নির্বাচন সামনে রেখে কয়েক দিন ধরেই দেশজুড়ে সহিংসতা চলছে। এ সময় অনেক যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সহিংসতায় এ পর্যন্ত একজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে। তবে ২০০৮ সালের তুলনায় এবার সহিংসতা কম বলে দাবি করা হচ্ছে।
নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান খিলরাজ বলেন, দীর্ঘ গৃহযুদ্ধের পর দ্বিতীয়বারের মতো আয়োজন করা সাংবিধানিক নির্বাচন ‘বিশেষ সুযোগ’। এই নির্বাচন গৃহযুদ্ধ অবসানের অর্জন ধরে রাখার রক্ষাকবচ।
তবে নেপালের অনেক সাধারণ মানুষ মনে করেন, এই নির্বাচন হয়ে গেলেও সংবিধান প্রণয়ন নিয়ে সংশয় থেকে যাবে। এবারই প্রথমবারের মতো ভোটার হয়েছেন রাজধানী কাঠমান্ডুর বাসিন্দা বিশাল লামিচ্চানি। তিনি বলেন, ‘এই নির্বাচনের পর রাজনীতিকেরা সংবিধানের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারবেন, আমার তেমনটা মনে হয় না।’ বিশালের মতে, ২০০৮ সালের নির্বাচনের পরের পরিস্থিতিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে।
নেপালের সরকারি কর্মকর্তারা জানান, খিলরাজ দেশের চারটি নিরাপত্তা সংস্থাকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। নেপাল আর্মি, নেপাল পুলিশ, আর্মড পুলিশ ফোর্স ও ন্যাশনাল ইনভেস্টিগেশন পুলিশের প্রধানদের সঙ্গে বৈঠক করে তিনি এই নির্দেশ দেন। যেসব দল নির্বাচন বর্জন করে ভোট প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেন তিনি।
এর আগে গত রোববার জাতির উদ্দেশে ভাষণে খিলরাজ বলেন, ‘নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ভীত না হয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতিটি ভোটারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’
নির্বাচন সামনে রেখে দেশজুড়ে ইতিমধ্যে ৫০ হাজার সেনাসদস্য ও এক লাখ ৪০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
নেপালের রাজনৈতিক বিশ্লেষক বিষ্ণু সপকোতা ইঙ্গিত দেন, সিপিএন-এম নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটের পরে তারা সহিংসতার পথে ফিরে যেতে পারে। তিনি বলেন, ‘সিপিএন-এমকে নির্বাচনের বাইরে রাখার অর্থ হলো, নির্বাচনের পর দলটির নেতারা মনে করবেন, তাঁরা রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে চলে গেছেন। এটাই হবে চ্যালেঞ্জের বিষয়।’
আজকের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিবেশী চীন ও ভারতের কাছ থেকে সহায়তা পাচ্ছে নেপাল। চীন ১৬ লাখ মার্কিন ডলার মূল্যের নির্বাচন সরঞ্জামাদি সরবরাহ করেছে। ভারত নির্বাচনের কাজে ব্যবহারের জন্য সাত শতাধিক গাড়ি দিয়েছে। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।