আবার নির্বাচনের পথে গ্রিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের প্রেসিডেন্ট ক্যারোলস পাপৌলিয়াস টেকনোক্র্যাট সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি সব দলকে আরেক দফা আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। গতকাল সোমবার জোট সরকার গঠনের বিষয়ে তিনটি রাজনৈতিক দলের এক আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট পাপৌলিয়াস এ প্রস্তাব দেন। এর আগে গ্রিসে জরুরি ভিত্তিতে একটি জাতীয় মতৈক্যের সরকার গঠনের চূড়ান্ত আলোচনায় অংশ নিতে প্রেসিডেন্টের আহ্বান প্রত্যাখ্যান করে কট্টর বামপন্থী দল সিরিজা পার্টি। দলটির একজন মুখপাত্র গতকাল সোমবার বলেন, ব্যয় সংকোচন নীতির সমর্থক কোনো জোটে তাঁরা যোগ দেবেন না।এই অবস্থায় আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন সরকার গঠন করা সম্ভব না হলে আগামী মাসে আবার নির্বাচন দিতে হবে। গ্রিসে রাজনৈতিক অচলাবস্থার কারণে পুরো ইউরো অঞ্চলে একধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।দেশের দ্বিতীয় শীর্ষ দল সিরিজা পার্টির এ সিদ্ধান্তের ফলে নতুন জোট গঠনের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে এবং গ্রিসে পুনর্নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। গ্রিসের তুলনামূলক ছোট উদারপন্থী দল ডেমোক্রেটিক লেফট পার্টির প্রধান ফোতিস কুভেলিস বলেন, তাঁর দল দেশের দ্বিতীয় প্রধান দল সিরিজা পার্টিকে ছাড়া কোনো জোটে যাবে না। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণচুক্তি থেকে গ্রিসকে শিগগিরই বেরিয়ে আসতে হবে, নইলে অন্তহীন অর্থনৈতিক মন্দা দেশটিকে গ্রাস করবে।বর্তমান পরিস্থিতিতে পুনর্নির্বাচন হলে সিরিজা পার্টি ৩০০ আসনের পার্লামেন্টে অন্তত ৫০টি আসন বেশি পাওয়ার ব্যাপারে আশাবাদী। জনমত জরিপের তথ্য অনুযায়ী, ঋণসংকট নিরসনে ইইউ ও আইএমএফের নীতির বিরোধী সিরিজা পার্টি গ্রিসে পুনর্নির্বাচন হলে জয়ী হবে।বিদায়ী সরকারের মুখপাত্র পানতেলিস ক্যাপসিস বলেন, দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এর পরিণাম হবে ভয়াবহ।গ্রিসে ৬ মে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে নিউ ডেমোক্রেসি পার্টি ১০৮, সিরিজা পার্টি ৫২, পাসোক পার্টি ৪১, ডেমোক্রেটিক লেফট পার্টি ১৯ ও কেকেই ২৬ আসনে জয়ী হয়। বাকি আসনগুলো পায় বিভিন্ন দল। ইইউ ও আইএমএফের ঋণ পরিশোধে গ্রিসে গৃহীত ব্যয় সংকোচন নীতির কারণে ওই দলগুলো সমর্থন হারায়।ঋণসংকট থেকে উত্তরণে ব্যর্থ হলে গ্রিসকে ১৭ দেশের অর্থনৈতিক জোট ইউরো অঞ্চল থেকে বাদ দেওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারোসো হুঁশিয়ার করে দিয়ে বলেন, প্রতিশ্রুতির ব্যতিক্রম করলে চুক্তি অকার্যকর হয়ে পড়বে এবং গ্রিস ইউরো অঞ্চলের সদস্যপদ হারাবে।এএফপি, রয়টার্স ও বিবিসি।