আবার প্রেসিডেন্ট হতে চান না নাথান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এস আর নাথান একই পদে তৃতীয়বারের মতো প্রার্থী হতে ইচ্ছুক নন। কারণ, এই গুরুত্বপূর্ণ পদে কাজ করার মতো তাঁর শারীরিক সামর্থ্য আগের মতো নেই বলে মনে করছেন তিনি। গতকাল শুক্রবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।বিবৃতিতে প্রেসিডেন্ট নাথান বলেন, ‘কিছুদিনের মধ্যে আমি ৮৭ বছরে পা দেব। জীবনের এ পর্যায়ে এসে রাষ্ট্রপ্রধানের এই অসীম গুরুদায়িত্ব নেওয়ার মতো শারীরিক ক্ষমতা আমার আছে বলে মনে করি না।’আগামী ৩১ আগস্টে প্রেসিডেন্ট নাথানের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই সিঙ্গাপুরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে।এর মধ্যে সাবেক উপপ্রধানমন্ত্রী ও গভর্নমেন্ট অব সিঙ্গাপুর ইনভেস্টমেন্ট করপোরেশনের (জিআইসি) নির্বাহী পরিচালক ৭১ বছর বয়সী টনি ট্যান দেশটির প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ও সাবেক প্রধানমন্ত্রী গো চক টংয়ের কাছ থেকে সম্মতিও পেয়েছেন।প্রেসিডেন্ট পদে টনি ট্যানের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক ক্ষমতাসীন দলের সাংসদ ও চুয়ান হাপ হোল্ডিংসের চেয়ারম্যান টান চেং বক (৭১) এবং বিমা সমবায় প্রতিষ্ঠান এনটিইউসির সাবেক নির্বাহী পরিচালক টান কিন লিয়ান (৬১)। এই দুই প্রার্থী সিঙ্গাপুরের ছোট বিরোধী দলগুলোর সদস্যদের সমর্থন পেয়েছেন।সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ে কাজ করা এস আর নাথান ১৯৯৯ সালের ১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। রয়টার্স।