আবার প্রেসিডেন্ট হলে ওবামা নমনীয় হবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে আগামী ৬ নভেম্বর। এতে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি অঙ্গীকার করেছেন, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে পররাষ্ট্রনীতিসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ‘আরও বেশি নমনীয়’ হবেন। সেটা কি আসলেই সম্ভব? এমন প্রশ্ন অনেকেরই।গত মার্চে ওবামা ও রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ একসঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেন। ওবামা ওই অনুষ্ঠানের একপর্যায়ে মেদভেদেভকে বলেন, দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি বিতর্কিত অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে ‘আরও বেশি নমনীয়’ হবেন। ওবামা তাঁর এই কথা গোপনেই জানাতে চেয়েছিলেন মেদভেদেভকে। কিন্তু মাইক্রোফোন চালু থাকার বিষয়টি ওবামা খেয়াল না করায় বিষয়টি সবাই জেনে যায়। তখন থেকে ওবামার দ্বিতীয় মেয়াদে ‘নমনীয়’ হওয়ার বিষয়টি আলোচনায় আসে।তবে ওই ঘটনার পরের মাসেই ওবামা বিষয়টি হালকা করার চেষ্টা করেন। হোয়াইট হাউস প্রতিনিধিদের জন্য আয়োজিত এক ভোজসভায় তিনি অভিযোগ করেন, এটা তাঁর বিরুদ্ধে রিপাবলিকানদের গোপন এজেন্ডা বাস্তবায়নের কৌশল। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ওবামা বলেন, ‘আমার প্রথম মেয়াদে আমরা ইরাক যুদ্ধ শেষ করেছি। দ্বিতীয় মেয়াদেও কিছু করব।’ওবামার ‘নমনীয়’ হওয়ার সেই প্রসঙ্গ নির্বাচনী প্রচারণায় উঠে এসেছে। প্রচারণায় অভ্যন্তরীণ ইস্যুগুলোই বেশি আলোচিত হলেও পররাষ্ট্রনীতির বিষয়টি এড়িয়ে যাননি ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির শিবির। রিপাবলিকান নেতারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, ওবামা আবার নির্বাচিত হলে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসবে। তবে ওবামার পক্ষে নমনীয় হওয়া সম্ভব কি না, তা নিয়ে সংশয় থাকছে। ওবামার উত্তরসূরিদের দিকে তাকালে এ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে নিরস্ত্রীকরণের ব্যাপারে নাটকীয় উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন করতে পারেননি। তাঁর মতোই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মার্কিন নীতির কিছুটা পরিবর্তন করার চেষ্টা করেছিলেন ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ক্লিনটন মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জোর চেষ্টা করে ব্যর্থ হন।ওবামার জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা বেন রোডস বলেন, পুনর্নির্বাচিত হওয়াটা হয়তো প্রেসিডেন্টের পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকেই সমর্থন করে। তবে ওবামা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গেলে কোনো বিষয়ে নাটকীয় কোনো পরিবর্তন আনবে না। রয়টার্স।