ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লাভিয়ানস্কে গত শনিবার রাতে আবার বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনার পর রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা পাঠাতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। নতুন করে হতাহতের ঘটনায় রাশিয়াও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
স্লাভিয়ানস্ক শহরটি প্রায় এক সপ্তাহ ধরে রুশপন্থী অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে রয়েছে। অস্ত্রধারীদের নেতা ভাতসিস্লাভ পনোমারেভ জানান, বন্দুকযুদ্ধে এক হামলাকারীসহ চারজন নিহত হয়েছে।
সপ্তাহ খানেক আগে রুশপন্থী অস্ত্রধারীরা স্লাভিয়ানস্কসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নেয়। তাদের হটাতে অভিযান শুরু করে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। তবে ইস্টার সানডে উপলক্ষে কয়েক দিনের জন্য অভিযানের বিরতি ঘোষণা করে ইউক্রেন কর্তৃপক্ষ। আজ সোমবার ওই বিরতির সময়সীমা শেষ হওয়ার কথা। এর আগে শনিবার রাতে বন্দুকযুদ্ধের ওই ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধের ঘটনাকে ‘উসকানিমূলক’ হিসেবে অভিহিত করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জেনেভা চুক্তি অনুযায়ী সহিংসতা থেকে বিরত থাকতে ইউক্রেন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এএফপি।