আবার বিজেপিতে যশবন্ত সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং আবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিজেপির সভাপতি নীতিন গড়কারি ও শীর্ষ পর্যায়ের নেতা এল কে আদভানির উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। নিজের লেখা একটি বইয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলি জিন্নাহর প্রশংসা করায় গত বছরের আগস্টে বিজেপি থেকে বহিষ্কার করা হয় যশবন্তকে।বিজেপিতে আবার যশবন্ত সিংয়ের ফেরা নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি তিনি বলেছিলেন, তাঁর রক্তে বিজেপি এবং তিনি দলের প্রতি টান অনুভব করেন। বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এই সদস্য কয়েক মাস ধরেই দলের আরেক প্রভাবশালী নেতা আদভানির সঙ্গে যোগাযোগ বজায় রাখছিলেন। বিজেপি সূত্রে জানা গেছে, যেভাবে যশবন্ত সিংকে বহিষ্কার করা হয়েছে তা নিয়ে তেমন সন্তুষ্ট ছিলেন না আদভানি। বহিষ্কারের সময় যশবন্তের কাছ থেকে কোনো ব্যাখ্যা চাওয়া হয়নি। আদভানি তাঁকে দলে ফিরিয়ে আনার ব্যাপারে সক্রিয় ছিলেন।জিন্নাহ—ইন্ডিয়া, পার্টিশন, ইনডিপেনডেন্স বইয়ে জিন্নাহর প্রশংসা করেন যশবন্ত। এছাড়া ভারত বিভাগের জন্য নেহেরু ও সরদার প্যাটেলকে দায়ী করেন। তিনি লেখেন, জিন্নাহ ধর্মনিরপেক্ষ ছিলেন। তাঁর এ ধরনের বক্তব্য দলের কাছে গ্রহণযোগ্য ছিল না। ফলে তাঁকে বহিষ্কার করা হয়। কিন্তু এ ব্যাপারে যশবন্ত তাঁর অবস্থান থেকে সরে আসেননি। মজার বিষয় হলো, ওই ব্যাপারে একই মনোভাব ধরে রাখার পরও এখন তাঁকে কেন আবার দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে, সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি বিজেপি। পিটিআই অনলাইন।