আবার বিদ্যালয়ে ফিরেছে মালালা ইউসুফজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই আবারও বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে। তবে পাকিস্তানে নয়, যুক্তরাজ্যের বার্মিংহামের একটি বিদ্যালয়ে ভর্তি হয়েছে সে। পড়াশোনা করছে নিয়মিত।মালালা গত বছরের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় বিদ্যালয়ের বাসে করে বাড়ি ফিরছিল। পথে সেই বাসে ওঠে তার মাথায় গুলি করে তালেবান জঙ্গিরা। তালেবানের বিপক্ষে কথা বলা ও সোয়াতে নারীশিক্ষার পক্ষে কাজ করায় মালালার ওপর ক্ষুব্ধ ছিল তালেবান। গুরুতর অবস্থায় তাকে প্রথমে পাকিস্তানে ও পরে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।বার্মিংহামের এজবাস্টনে বালিকা বিদ্যালয়ে ভর্তি হয়েছে মালালা। গত মঙ্গলবার প্রথম দিন বাবার সঙ্গে বিদ্যালয়ে যায় সে। আবারও বিদ্যালয়ে ফিরতে পেরে মালালা অত্যন্ত খুশি। এক বিবৃতিতে মালালা বলে, ‘এটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। আমার বিদ্যালয়ে ফেরার স্বপ্ন পূরণ হলো। আমি চাই বিশ্বের প্রত্যেক মেয়েশিশু বিদ্যালয়ে যাওয়ার মৌলিক অধিকার পাবে।’ সে বলে, ‘আমি পাকিস্তানে আমার সহপাঠী ও শিক্ষকদের অভাববোধ করব। তবে এখন এখানে নতুন বন্ধু পাব।’জিসিএসইর বিষয় বাছাইয়ের প্রস্তুতির জন্য মালালা পূর্ণ পাঠক্রম পড়বে। সাধারণত শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে জিসিএসই পরীক্ষা দেয়।যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক বিবৃতিতে জানান, মালালা ও তার পরিবারের জন্য এটি একটি অনন্য দিন। গার্ডিয়ান।