
মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডক (৮৪) অভিনেত্রী ও সাবেক সুপার মডেল জেরি হলকে বিয়ে করতে যাচ্ছেন। এটি হবে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মার্কিন নাগরিক মারডকের চতুর্থ বিয়ে। জেরি হলের (৫৯) এটিই হবে প্রথম বিয়ে, যদিও তিনি সংগীতশিল্পী স্যার মিক জ্যাগারের সঙ্গে দীর্ঘদিন বাস করেছেন এবং জ্যাগারের ঔরসে তাঁর গর্ভে চার সন্তানের জন্ম হয়। চার মাস প্রেমের পর গত সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলেসে ৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস উৎসবে বিয়ের বাগদান সম্পন্ন করেন মারডক ও জেরি। মারডকের মালিকানাধীন টাইমস পত্রিকার জন্ম, বিয়ে ও মৃত্যু-সংক্রান্ত বিভাগে এই বিয়ের খবরটি প্রকাশিত হয়। যদিও এখনো নির্ধারণ হয়নি তাঁদের বিয়ের দিনক্ষণ। রুপার্ট মারডক এর আগে প্যাট্রিসিয়া বুকার, সাংবাদিক আন্না টর ও সবশেষ ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন। তৃতীয় স্ত্রী ওয়েন্ডির সঙ্গে ২০১৩ সালে ছাড়াছাড়ি হয় তাঁর। বিবিসি।