আবার বিয়ে করলেন জ্যাকব জুমা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বিয়ে করে চতুর্থ স্ত্রীকে ঘরে তুলেছেন। কাওয়াজুলু-নাটাল প্রদেশের এনকান্দলায় প্রেসিডেন্টের গ্রামের বাড়িতে ঐতিহ্যবাহী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত শুক্রবার এ বিবাহ সম্পন্ন হয়।প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জুমার নতুন স্ত্রীর নাম বংগি এনগেমা। বিয়ে-পরবর্তী বিভিন্ন অনুষ্ঠান পর্যায়ক্রমে উদ্যাপন করা হবে। জুমার অপর তিন স্ত্রী শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এনগেমার সঙ্গে জুমার সম্পর্ক বেশ পুরোনো। এই দম্পতির সাত বছর বয়সী একটি সন্তানও রয়েছে। ৭০ বছর বয়সী জুমার এটি ষষ্ঠ বিয়ে। তাঁর এক স্ত্রী মারা গেছেন। আরেক স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এদিকে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, জুমার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত তাঁর স্ত্রীদের পেছনে সরকারি খরচ হয়েছে অন্তত ২০ লাখ ডলার। নির্ধারিত বরাদ্দের চেয়ে এটি প্রায় দ্বিগুণ। তবে এখন থেকে সাপ্তাহিক অনুষ্ঠানের খরচ জুমাকেই বহন করতে হবে এবং তাঁর স্ত্রীদের ব্যক্তিগত বাড়িতে বসবাস করতে হবে।দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের অবসান-পরবর্তী আইনে বহুবিবাহে বাধা নেই। তবে দেশটিতে বহুবিবাহ জনপ্রিয়তা হারাচ্ছে। সে দেশের মানুষ আধুনিকতা ও পশ্চিমা জীবনধারায় আকৃষ্ট হচ্ছে। এক জরিপের তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকার তিন-চতুর্থাংশই বহুবিবাহের বিপক্ষে। নারীদের মধ্যে ৮৩ শতাংশ এই প্রথার বিরোধী। এএফপি।