আবার ভাসবে টাইটানিক
প্রকাণ্ড হিমশৈলের সঙ্গে আঘাত লেগে ডুবে যাওয়া ঐতিহাসিক প্রমোদতরি টাইটানিক নতুন সংস্করণে আবারও সাগরে ভাসতে চলছে। আর এর পেছনে যিনি রয়েছেন, তিনি একজন অস্ট্রেলীয় ধনকুবের। পরিকল্পনামাফিক সবকিছু এগোলে ২০১৬ সালের শেষ নাগাদ এর যাত্রা শুরু হতে পারে।অস্ট্রেলীয় ধনকুবের ক্লিভ পালমার গত মঙ্গলবার নিউইয়র্কের ইনট্রেপিড সি এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে নতুন টাইটানিক নিয়ে তাঁর পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি বলেন, টাইটানিকের অবিকল ওই প্রতিরূপের নির্মাণকাজ শিগগিরই চীনে শুরু হবে।পালমার বলেন, টাইটানিক-২-এর প্রথম যাত্রায় অংশ নিতে এরই মধ্যে ৪০ হাজার মানুষ তাঁদের আগ্রহের কথা জানিয়েছেন। ডুবে যাওয়া টাইটানিকের মতো এটিও যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে প্রথম যাত্রা শুরু করে যাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তিনি আরও বলেন, ইতিহাসের বিখ্যাত প্রমোদতরি টাইটানিকের আদলে আরেকটি প্রমোদতরি নির্মাণে তাঁর প্রাণান্তকর চেষ্টা দেখে মানুষের মধ্যে ওই আগ্রহের সৃষ্টি হয়।মূল টাইটানিক ছিল তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে বিলাসবহুল প্রমোদতরি। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের (আইসবার্গ) আঘাতে এটি তলিয়ে যায়। দুর্ঘটনায় এর দুই হাজার ২০০-এর বেশি যাত্রীর মধ্যে ৭০০ জন প্রাণে বাঁচতে সক্ষম হন। ইতিহাসে অত্যন্ত শোকাবহ ও মর্মান্তিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। জীবনরক্ষায় সহায়ক এমন যথেষ্ট নৌকার অভাবে ওই বিপুল প্রাণহানির ঘটনা ঘটে বলে মনে করা হয়।পালমার বলেন, মূল টাইটানিক যখন সাগরে ভাসে, তখন জলবায়ু ছিল এক রকম। এখন সেটি পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তন নতুন টাইটানিকের ভাগ্যে সুফল বয়ে আনতে পারে। কেননা, বৈশ্বিক উষ্ণতার কারণে বর্তমানে উত্তর আটলান্টিক মহাসাগরে আর আগের মতো হিমশৈলের উপস্থিতি নেই। এপি।