আবার মায়ের কোলে ল্যান্ডিয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশাই ছেড়ে দিয়েছিলেন ম্যারি সিগনান। ভেবেছিলেন ভয়াবহ ভূমিকম্প অন্য সবার মতো তাঁর ছোট্ট সোনামণি ল্যান্ডিয়ানাকেও কেড়ে নিয়েছে। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে তাঁর আট মাস বয়সী মেয়ে ল্যান্ডিয়ানা। ছয় মাস পর আবার মায়ের কোলে চড়ে বসেছে সে। সন্তানকে কাছে পেয়ে মায়ের আনন্দ যেন আর ধরে না। হাইতিতে গত ১২ জানুয়ারির ভয়াবহ ভূমিকম্পে রাজধানী পোর্ট অ প্রিন্স মৃত্যুপুরীতে পরিণত হয়। সেখানকার বেশির ভাগ স্থাপনা মাটিতে মিশে যায়। মারা যায় অসংখ্য মানুষ। হাইতির ইতিহাসে সবচেয়ে ভয়ানক এই দিনে পোর্ট অ প্রিন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ল্যান্ডিয়ানা। আগুনে তার মাথা পুড়ে যাওয়ায় সেখানে তাঁকে ভর্তি করা হয়েছিল। ভূমিকম্পে হাসপাতালটি ধ্বংস হয়ে যায়। এতে সেখানকার অনেকেই মারা যায়। মেয়ের খোঁজ না পেয়ে ম্যারি ভেবে বসেন, ল্যান্ডিয়ানাও বেঁচে নেই। কিন্তু দাতব্য সংস্থা ‘ফেসিং দ্য ওয়ার্ল্ড’ ল্যান্ডিয়ানার সন্ধান পায়। সংস্থাটির কর্মীরা হাসপাতালের ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠিয়ে দেয়। ল্যান্ডিয়ানাকে লন্ডনে পাঠিয়ে সংস্থাটির কর্মীরা চ্যানেল ফোরের সাংবাদিকদের সহায়তায় তার পরিচয় খুঁজতে থাকে। অনেক দিন পর হাইতির বিজটন অঞ্চলে ল্যান্ডিয়ানার মায়ের সন্ধান পাওয়া যায়। গবেষকেরা ডিএনএ টেস্ট করে নিশ্চিত হন, ম্যারিই হচ্ছেন ল্যান্ডিয়ানার মা।এরপর ফেসিং দ্য ওয়ার্ল্ড ম্যারিকে লন্ডনে নেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করে। গত বুধবার তিনি লন্ডনে যান। সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সন্তানকে কোলে নিয়ে ম্যারি বলেন, ‘আমি ভেবেছিলাম ও (ল্যান্ডিয়ানা) মারা গেছে। ওকে দেখে আমি বিস্ময়াভিভূত। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে ও বেঁচে আছে। এটা খুবই আনন্দের সময়।’ নিউইয়র্ক টাইমস।