কোরিয়া যুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর সদস্যদের পুনর্মিলন আবার চালুর আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই। গতকাল সোমবার তিনি বলেন, এই কর্মসূচি উত্তর কোরিয়ার সঙ্গে ‘মারাত্মক’ টানটান অবস্থা প্রশমনে সাহায্য করবে।
নববর্ষ উপলক্ষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পার্ক। এ সময় তিনি দারিদ্র্যপীড়িত উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য মানবিক সহায়তারও প্রতিশ্রুতি দেন।
পার্ক বলেন, কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে ‘যেকোনো সময়ের চেয়ে খারাপ’। ‘যুদ্ধের হুমকি’ বন্ধ করতে এবং দুই দেশের ‘পুনরেকত্রীকরণের যুগ উন্মুক্ত’ করার আহ্বান জানান তিনি। দুই দেশের মধ্যে বছরের পর বছর ধরে উত্তেজনার প্রেক্ষাপটে পুনর্মিলন কর্মসূচি দুই দেশের সম্পর্কোন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেন পার্ক।
পার্কের সংবাদ সম্মেলনের পর দক্ষিণ কোরিয়ার রেডক্রস উত্তর কোরিয়ার রেডক্রসকে একটি বার্তা পাঠিয়েছে। এতে ভবিষ্যতে পুনর্মিলন-প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী শুক্রবার দুই দেশের সীমানায় অবস্থিত পানজুমে একটি বৈঠকের আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ-বিষয়ক মন্ত্রী এ কথা জানান।
১৯৫৩ সালে একটি চুক্তির মাধ্যমে তিন বছরের কোরীয় যুদ্ধ শেষ হওয়ার পর দুই কোরিয়ার মধ্যে সংলাপের জন্য ঐতিহ্যগতভাবেই পানজুম গ্রামটি ব্যবহার করা হয়ে থাকে। এএফপি।