আবার সংলাপে বসেছে ইরান ও ছয় বিশ্বশক্তি
৩০ জুনের সময়সীমা সামনে রেখে চূড়ান্ত পারমাণবিক চুক্তির লক্ষ্যে আবার আলোচনায় বসেছে ইরান ও গুরুত্বপূর্ণ ছয় বিশ্বশক্তি। সম্ভাব্য চুক্তির একটি কাঠামোর ব্যাপারে উভয় পক্ষের মধ্যে বহুপ্রতীক্ষিত সমঝোতা হওয়ার তিন সপ্তাহ পর গতকাল বুধবার থেকে অস্ট্রিয়ায় এই আলোচনা শুরু হলো। খবর এএফপি ও রয়টার্সের।
সুইজারল্যান্ডে দীর্ঘ আলোচনার পর ওই প্রাথমিক সমঝোতা হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নতুন করে আলোচনা শুরু হওয়ার আগে গত সোমবার নিউইয়র্ক টাইমস পত্রিকায় একটি নিবন্ধ লেখেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। এতে তিনি লিখেছেন, ‘বলিষ্ঠ নেতৃত্ব ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখিয়ে আমরা এই সমস্যার মূলোৎপাটন করতে পারি এবং তা পারা উচিত।’
গতকাল শুরু হওয়া আলোচনায় পাশ্চাত্যের পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্যেষ্ঠ কূটনীতিক হেলগা শিমিদ। ইরানের পক্ষে রয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি। পাশাপাশি ছয় বিশ্বশক্তি ও ইরানের আইনি ও কারিগরি বিশেষজ্ঞরাও আলোচনায় অংশ নিচ্ছেন। মূলত এ আলোচনার মধ্য দিয়েই চূড়ান্ত চুক্তির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেল।
সফলতা অর্জনের সামনে এখনো রয়ে যাওয়া সবচেয়ে বড় বাধাটা হচ্ছে তেহরানের ওপর থেকে কবে এবং কী মাত্রায় অবরোধ তুলে নেওয়া হবে সেটি। এ দফা আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে এ বিষয়টাই। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানি উভয়ই বলেছেন, ‘চুক্তি বাস্তবায়নের প্রথম দিনেই’ তাঁরা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার দেখতে চান। তবে পাশ্চাত্যের কর্মকর্তারা বলছেন, চুক্তির শর্ত মেনে তেহরান পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করেছে—জাতিসংঘের পরিদর্শকেরা সেটি নিশ্চিত করলেই কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির হিসাবে, তা হতে ‘ছয় মাস থেকে এক বছর’ সময় লেগে যেতে পারে।