আবার সাধারণ ক্ষমার ঘোষণা বাশারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন৷ গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ কথা জানানো হয়েছে৷
সম্প্রতি অনুষ্ঠিত একতরফা প্রেসিডেন্ট নির্বাচনে বাশার জয়ী হওয়ার পর এ ঘোষণা এল৷ নতুন করে তিনি সাত বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন৷ খবর এএফপির৷
প্রেসিডেন্ট বাশারের ওই ঘোষণার কথা উল্লেখ করে বিচারমন্ত্রী নাজম হামাদ আল-হামাদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, সিরীয় সেনাবাহিনীর বিজয়ের পর জাতীয় পুনর্মিলন ও একত্রীকরণের বিষয়টি মাথায় নিয়ে ক্ষমাসংক্রান্ত ওই আদেশে রাষ্ট্রপতি সই করেছেন৷
তবে বাশারের এ সাধারণ ক্ষমার আওতায় কারা সাধারণ ক্ষমা পাবে, তা স্পষ্ট নয়৷ অবশ্য রুশ বার্তা সংস্থা ইতার তাসের খবরে বলা হয়, ২০১৪ সালের ৯ জুনের আগে সংঘটিত অপরাধগুলো এ ঘোষণার আওতাভুক্ত হবে৷
সিরিয়ায় ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ৪ জুন প্রকাশিত ফলে বাশার ৮৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে আরও সাত বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন৷ নির্বাচনী প্রচারণার সময় বাশার যেসব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এ সাধারণ ক্ষমা ঘোষণা৷
এর আগে ২০১২ সালের জানুয়ারি এবং ২০১৩ সালের অক্টোবর সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাশার৷ এর মধ্যে ২০১৩ সালের ২৯ অক্টোবর ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় সরকারি বাহিনী থেকে পালিয়ে যাওয়া বা পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়া ব্যক্তিদের ক্ষমার ঘোষণা দেওয়া হয়৷ বলা হয়, তারা সরকারি বাহিনীতে ফিরে এলে তাদের ক্ষমা করে দেওয়া হবে৷
সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়৷ এর পর থেকে অনেকেই পক্ষ ত্যাগ করে সরকারবিরোধী আন্দোলনে যোগ দেয়৷ একপর্যায়ে বাশারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়৷ শুরু হয় গৃহযুদ্ধ৷ তিন বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখের বেিশ মানুষ নিহত হয়েছে৷ গৃহহারা হয়েছে লাখ লাখ মানুষ৷
বাশার আল–আসাদ সরকার সহিংস বা অহিংস পথে আন্দোলনকারী ভিন্নমতাবলম্বী সবাইকে ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে আসছে৷ দেশটির কারাগারে বর্তমানে হাজার হাজার ভিন্নমতাবলম্বীকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে৷