মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজ (এমএইচ৩৭০) উদ্ধার অভিযানে এখনো কোনো সাফল্য পাওয়া যায়নি৷ ষড়যন্ত্র করে উড়োজাহাজটি গায়েব করে দেওয়া হয়েছে—এমন অভিযোগ এখন আবার আলোচনায় আসছে৷ খবর এএফপির৷
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ওই দুর্ঘটনার নেপথ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর যোগসাজশ থাকতে পারে বলে মন্তব্য করেছেন৷ গুলি করেও এটি ভূপাতিত করা হতে পারে বলে অভিযোগ উঠেছে৷
২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ নিখোঁজ উড়োজাহাজটির ভাগ্যে কী ঘটেছিল, তার কূলকিনারা করতে পারেনি উদ্ধারকারীরা৷ গত রোববার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির একটি ব্লগে মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রনির্মিত উড়োজাহাজটির নিয়ন্ত্রণ হয়তো সিআইএ নিয়েছে৷ এর আগে সম্ভবত জঙ্গিরা এটি দখল করেছিল৷
পশ্চিমাবিরোধী কঠোর মন্তব্যের জন্য খ্যাত মাহাথির আরও লিখেছেন, কেউ কিছু গোপন করছে৷ মালয়েশিয়া নিজের দোষ স্বীকার করবে না, এমনটা ঠিক নয়৷ বোয়িং বা সিআইএকে জড়িয়ে কোনো কথা কয়েকটি কারণে প্রকাশ করবে না গণমাধ্যম৷