আবার সাম্রাজ্যবাদী ভূমিকায় যাবে জাপান!
জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিনজো আবে ও তাঁর দল গতকাল সোমবার তাঁদের প্রথম পূর্ণ কর্মদিবসে নতুন জাতীয় সংগীত অনুমোদন করেছেন। বিশ্লেষকেরা নতুন জাতীয় সংগীতকে জাপানের সাবেক সাম্রাজ্যবাদী ও সামরিক অভিযান প্রবণতার পূর্বাভাস হিসেবে মনে করছেন।গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ৫৮ বছর বয়সী আবে ও তাঁর রক্ষণশীল দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিপুল ভোটে জয়লাভ করে। বিশ্লেষকেরা বলছেন, এলডিপির এই জয়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে জাপান ক্রমে তার কট্টর ডানপন্থী অবস্থানে ফিরে যাচ্ছে।এলডিপির এক সমাবেশে আবে ও দলের নেতারা নতুন জাতীয় সংগীত গাওয়ার পর জাপানের দৈনিকসানকিকে বলেন, তাঁরা ‘জাপানকে পুরোনো অবস্থানে’ নেওয়ার চেষ্টা করবেন।গত ১৬ ডিসেম্বরের নির্বাচনে এলডিপির অন্যতম নির্বাচনী স্লোগান ছিল ‘জাপানকে সাবেক অবস্থায় নাও’।নির্বাচনের মাধ্যমে এলডিপি মাত্র তিন বছরের মধ্যে ডেমোক্রেটিক পার্টি অব জাপানকে হারিয়ে ক্ষমতা পুনরুদ্ধার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানে প্রায় পুরো সময় ক্ষমতায় ছিল এলডিপি।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে জাপান যে সংবিধান প্রতিষ্ঠা করে, তার ৯ নম্বর ধারায় বহির্দেশে সামরিক আগ্রাসন ও আন্তর্জাতিক মতানৈক্যের সমাধান হিসেবে যুদ্ধ ঘোষণা নিষিদ্ধ করা হয়।অন্য দেশে সামরিক আগ্রাসনের জন্য উপযোগী সেনাবাহিনী গড়ে না তোলার জন্যও অঙ্গীকার করা হয় সংবিধানের ওই ধারায়। কিন্তু শিনজো আবে এই আইনের পরিবর্তন করতে চান। বিশ্বযুদ্ধ-পূর্ব সামরিক বাহিনীর মর্যাদাও তিনি ফিরিয়ে আনতে চান।