আবার ১৭ মার্চ ইরান-ছয় জাতি আলোচনায় বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কাঠামো ও সময়সূচি নির্ধারণের ব্যাপারে দেশটির প্রতিনিধি এবং প্রভাবশালী ছয় দেশের প্রতিনিধিরা একমত হয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের মধ্যে ভিয়েনায় আগামী ১৭ মার্চ আবার বৈঠক হবে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সাংবাদিকদের উদ্দেশে ক্যাথেরিন অ্যাশটন বলেন, একটি পরিপূর্ণ ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে তাঁরা সফল তিনটি দিন পার করেছেন। এ সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় চিহ্নিত করা হয়েছে। তবে আরও অনেক কাজ বাকি আছে। এটা সহজ না হলেও শুরুটা ভালো হয়েছে। অ্যাশটন জানান, আলোচনার ব্যাপারে একটা সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে আগামী চার মাসের করণীয় ঠিক করা হয়েছে। ১৭ মার্চের বৈঠকে তিনি নিজে ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ অংশ নেবেন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়ার পাশাপাশি জার্মানির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জেনেভায় গত নভেম্বরে এ ব্যাপারে একটি অন্তর্বর্তী সমঝোতা সই হয়। তবে ছয় পরাশক্তি দেশ বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি বাস্তবায়ন করতে চায়। তবে বিভিন্ন বিষয়ে মতবিরোধ দূর করার ক্ষেত্রে এখনো দুই পক্ষে বিস্তর দূরত্ব রয়েছে। তাই অন্তর্বর্তী সমঝোতার স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ভিয়েনায় গত মঙ্গলবার থেকে সর্বশেষ দফা আলোচনা শুরু হয়। এতে পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
পরমাণু কর্মসূচির আড়ালে ইরান আসলে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমা দেশগুলোর সন্দেহ করে। তবে ইরানের সরকার বরাবরই দাবি করে আসছে, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি হাতে নিয়েছে।
হাসান রুহানি গত বছর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিগুলোর সন্দেহ দূর করার উদ্যোগ নেন। রয়টার্স ও এএফপি।