আবার 'স্নায়ুযুদ্ধে' জড়াচ্ছে ওয়াশিংটন-মস্কো!
সোভিয়েত ইউনিয়ন পতনের পর রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এতটা তলানিতে কখনোই নামেনি। গত ৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই দুই পুরোনো শত্রুভাবাপন্ন দেশ নতুন বৈরিতায় জড়িয়েছে; এই বৈরিতা একেবারেই প্রকাশ্য হয়ে পড়েছে।
মার্কিন নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এ নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে কলকাঠি নাড়ার অভিযোগ করে আসছে ডেমোক্রেটিক দল এবং প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। এরই জেরে বৃহস্পতিবার মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। রাশিয়া এ পদক্ষেপের জবাব দেবে বলে শোনা গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। তাই বলে মস্কো ফুঁসছে না, তা-ও বলা যাবে না।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার জানিয়েছেন, ওয়াশিংটনের পদক্ষেপের জবাবে তিনি তাঁর দেশে থাকা মার্কিন কূটনীতিকদের নিষিদ্ধ করবেন না। তাঁর এ সিদ্ধান্ত আপাতত দুই পরাশক্তির মুখোমুখি এই অবস্থানে কিছুটা স্থিতাবস্থার সৃষ্টি করেছে। তবে এতে কোনো মতেই সে দেশের শীর্ষ ব্যক্তিদের ক্ষোভ কমে যায়নি। রুশ কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার পরপরই রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ টুইটারে লেখেন, ‘ওবামা প্রশাসনের জন্য দুঃখ হচ্ছে, যারা নতুন করে জীবন শুরু করলেও শেষ করছে রাশিয়াবিরোধী মৃত্যুচেষ্টার মাধ্যমে।’
প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘ওয়াশিংটন যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তা দুর্ভাগ্যবশত অনিশ্চিত, আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি। যে প্রশাসন আর মাত্র তিন সপ্তাহের মতো ক্ষমতায় রয়েছে, তাদের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটো লক্ষ্য থাকতে পারে বলে আমি মনে করি: রুশ-মার্কিন সম্পর্ক স্থায়ীভাবে বিনষ্ট করা এবং অবশ্যই হবু প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) ভবিষ্যৎ প্রশাসনকে পররাষ্ট্রনীতি নির্ধারণে বিপাকে ফেলা।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘হোয়াইট হাউসে আট বছর বসবাসকারী ব্যক্তিরা প্রশাসন নয়, তারা আসলে প্রতিহিংসাপরায়ণ, কল্পনাশক্তিহীন, পররাষ্ট্রনীতিতে ব্যর্থ একদল লোক। আজ (মার্কিন প্রেসিডেন্ট) ওবামা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করে নিলেন। প্রেসিডেন্ট থাকাকালে আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি কোনো কিছু অর্জন না করতে পেরে এই নোবেলজয়ী শেষ পর্যন্ত একটি কলঙ্কে স্বাক্ষর করলেন...।’ তিনি আরও বলেন, ‘আজ আমেরিকা, আমেরিকার জনগণকে তাঁদের প্রেসিডেন্টই অপদস্থ করলেন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন কিংবা শত্রুর বাহিনী করেনি।’
ওয়াশিংটনের সিদ্ধান্তের কথা চাউর হওয়া মাত্র যুক্তরাজ্যে রুশ দূতাবাস থেকে টুইট করে ওবামাকে ‘খোঁড়া হাঁস’ আখ্যা দেওয়া হয়। এই টুইটের সঙ্গে একটি হাঁসের ছবি সংযুক্ত করে তারা লেখে, ‘প্রেসিডেন্ট ওবামা স্নায়ুযুদ্ধের সময়ের মতো ৩৫ কূটনীতিককে বহিষ্কার করেছেন।’
উল্লেখ্য, মার্কিন নির্বাচনের পরপরই দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) জানায়, এ নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে রুশ হ্যাকাররা মস্কোর মদদে ডেমোক্রেটিক দলের তথ্য চুরি করেছে বলে তারা জানতে পেরেছে। অভিযোগটি রুশ প্রশাসন এবং ট্রাম্প উভয়ই অস্বীকার করেছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনে ট্রাম্প যে বিজয়ী হবেন, তা তাঁরা ছাড়া আর কেউ ভাবতেই পারেনি। তাঁর এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরাসরি কিছু না বললেও এরপরই ওবামা প্রশাসন মস্কোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু করে। কয়েকজন মার্কিন সিনেটরও এ বিষয়ে অধিকতর তদন্ত দাবি করে আসছেন অভিযোগ ওঠার পর থেকে।