আবারও উত্তাল তাহরির স্কয়ার
মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ার আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে প্রত্যাশার চেয়ে লঘু দণ্ড প্রদান এবং বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে নিরাপত্তা কর্মকর্তাদের খালাস দেওয়ার প্রতিবাদে ফেটে পড়েছে বিক্ষুব্ধ জনগণ। আদালতের রায় ঘোষণার পরপরই তাহরির স্কয়ারে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। গত শনিবার রাতের মধ্যে প্রায় ২০ হাজার মানুষ সেখানে সমবেত হয়। তাদের বেশির ভাগ সারা রাত সেখানে অবস্থান করে। গতকাল রোববার আরও বিক্ষোভকারী তাদের সঙ্গে যোগ দেয়।ফিদা এসাম নামের এক বিক্ষুব্ধ ছাত্র বলে, ‘রায় শোনার পর অনেকের মনে হয়েছে, আমরা আবার পুরোনো শাসনব্যবস্থায় ফিরে যাচ্ছি।’ আরেক বিক্ষোভকারী বলে, ‘প্রিয় শহীদ ভাইয়েরা, পুরোনো শাসকদের ষড়যন্ত্রের কাছে আমরা তোমাদের ছেড়ে যেতে পারি না। তোমাদের রক্তের কসম, আরও একটি বিপ্লব হবে।’কায়রোর বাইরে আলেক্সান্দ্রিয়া, সুয়েজ ও মানসুরা শহরেও বিক্ষোভ হয়েছে।গত শনিবার মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে (৮৪) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন দেশটির একটি আদালত। গত বছরের শুরুর দিকে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হত্যায় সহযোগিতার দায়ে আদালত এ রায় দেন। একই সঙ্গে মোবারকের আমলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকেও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারজন কর্মকর্তা ও পুলিশের শীর্ষস্থানীয় দুজন কর্মকর্তা খালাস পান। তা ছাড়া মোবারকের দুই ছেলে গামাল ও আলাকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালতের এ রায়ে হতাশ ও ক্ষুব্ধ দেশটির জনগণ।তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির কয়েকজন বিখ্যাত ব্যক্তি যোগ দিয়েছেন। এ ছাড়া আলট্রাস নামের ফুটবল ভক্তরাও যোগ দিয়েছে। কিছু বিক্ষোভকারী বলেছে, তারা সেখানে অবস্থান কর্মসূচি শুরুর প্রতিজ্ঞা করেছে। তারা নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ থেকে খালাস দেওয়ায় বেশি ক্ষুব্ধ। এ সময় অনেককে ‘সামরিক শাসনের পতন চাই’ বলে স্লোগান দিতে শোনা যায়। একই স্লোগান গত বছরের অভ্যুত্থানের সময়ও দেওয়া হয়।এদিকে কায়রোর দক্ষিণে ফেউম এলাকায় প্রেসিডেন্ট প্রার্থী আহমেদ শফিকের নির্বাচনী প্রচারণার প্রধান কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া বিক্ষোভকারীদের একটি দল লোহিত সাগরের হুরঘাদায় লুটতরাজ চালায় ও বাড়িঘর ভাঙচুর করে। শফিক মোবারকের শাসনামলে দায়িত্ব পালনকারী সর্বশেষ প্রধানমন্ত্রী।১৯৮১ সালে মিসরের ক্ষমতা গ্রহণ করেন মোবারক। আরব-বসন্তের ধারাবাহিকতায় ২০১১ সালের শুরুর দিকে মিসরে মোবারকবিরোধী আন্দোলন শুরু হয়। টানা ১৮ দিনের গণ-আন্দোলনের মুখে গত বছরের ১১ ফেব্রুয়ারি মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। ওই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় সাড়ে ৮০০ ব্যক্তি নিহত হয়।পতনের পর মোবারক, তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে বিচার শুরু হয়। আরব-বসন্তের পর সাবেক শাসকদের মধ্যে মোবারকেরই প্রথম বিচার হলো। এএফপি ও বিবিসি।