ভালো নির্বাচনী জোট গড়লে পাকিস্তানের পিপলস পার্টি (পিপিপি) আবারও ইতিবাচক ফল পেতে পারে। আর এ ক্ষেত্রেও ভালো অবস্থানে আছে পিপিপি। পাকিস্তানের বর্তমান রাজনীতি সম্পর্কে এমনটাই ধারণা দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের।পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এবারই প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মেয়াদ পূরণ করতে পেরেছে। পিপিপি সরকার গত শনিবার মেয়াদ পূরণ করে। একই সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূরণ করেছেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। যদিও প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয়তার দিক থেকে তাঁর অবস্থান ছিল অনেক দুর্বল।ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট হিসেবে জারদারির জনপ্রিয়তা মাত্র ১৪ শতাংশ। তবে তিনি ছিলেন বৈধ প্রেসিডেন্ট এবং তাঁর বৈধতাও ছিল সুস্পষ্ট। বিশ্লেষকেরা মনে করেন, দেশটিতে ব্যাপক বিদ্যুৎ-ঘাটতি, ধর্মভিত্তিক সন্ত্রাসবাদ, শিয়া সম্প্রদায়ের ওপর সুন্নিদের হামলা, কেন্দ্রীয় সরকারের ঋণ, মার্কিন ড্রোন হামলা, জঙ্গি সমস্যা, সীমান্তে অস্থিতি শীলতাসহ নানা সমস্যা তাঁর জনপ্রিয়তায় প্রভাব ফেলে।পাকিস্তানের বিভিন্ন পত্রিকার কলাম লেখক কাইরিল আলমিদা বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে জারদারি নিজের মতো করে চলেছেন। যেসব বিষয় এড়িয়ে চলা প্রয়োজন, তা এড়িয়ে গেছেন। তিনি শত্রু বা বিরোধীদের পিছু ধাওয়া করেননি। এটাই তাঁর মেয়াদ পূরণ করার জন্য দেশটির রাজনৈতিক পরিবেশ সহনীয় পর্যায়ে রেখেছিল। জনপ্রিয়তা কম থাকা সত্ত্বে মেয়াদ পূরণে সক্ষম হয়েছেন তিনি। পাকিস্তানের অধিকাংশ জনগণই জারদারিকে ‘দৈবক্রমে হওয়া প্রেসিডেন্ট’ বলে মনে করেন। জারদারির স্ত্রী ও পিপিপির প্রধান বেনজির ভুট্টো ২০০৭ সালে সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর প্রেসিডেন্ট হওয়ার পথ উন্মুক্ত হয় তাঁর। প্রেসিডেন্ট হওয়ার পরও জারদারিকে অনেকেই ‘মিস্টার টেন পার্সেন্ট’ বলে অভিহিত করেন। এর আগে বেনজির দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে জারদারির বিরুদ্ধে। তখনই তাঁকে ‘মিস্টার টেন পার্সেন্ট’ বলে আখ্যা দেওয়া হয়। পিপিপি সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জারদারি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।পিপিপির সরকারকে বিরোধী দলের চেয়ে সামরিক বাহিনী ও সুপ্রিম কোর্ট বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। সেসব চ্যালেঞ্জে উতরে গেছে সরকার। পিপিপির প্রধান রাজনৈতিক বিরোধী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও সাবেক ক্রিকেট-তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনে ইমরানের পক্ষে যে সমর্থন যাবে, তাতে মূলত নওয়াজের সমর্থন কমে যাবে। তাতে পিপিপি লাভবান হবে। সরকারকে নিয়ে হতাশা থাকলে ঐতিহাসিকভাবে দেখা যায়, ভোটের বাক্সে পাকিস্তানি জনগণের সেই হতাশার প্রতিফলন ঘটে না। নির্বাচনে ভোটার উপস্থিতি থাকে ৩৬ থেকে ৪৫ শতাংশের মধ্যে। বিশ্লেষকেরা ধারণা করছেন, নির্বাচনে ভোট বেশি পাওয়ার চেয়ে, ভালো নির্বাচনী জোট গড়লে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। এ ছাড়া নানা প্রতিকূলতা সত্ত্বেও এ ক্ষেত্রে ভালো অবস্থানে আছে পিপিপি।পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি রিজভি বলেন, পিপিপি কিছু আসন হারাতে পারে, তবে দলটি আবারও একটি জোট সরকার গঠন করার মতো ক্ষমতা অর্জন করতে পারে। নওয়াজ ভালো জোট গঠন করতে পারবেন বলে মনে হয় না। পিপিপিই ভালো নির্বাচনী জোট গঠন করতে পারবে।